
বাহরাইনে বাংলাদেশি ভোটারদের পোস্টাল ব্যালটের খাম ভাগাভাগির ভিডিও কীভাবে ছড়িয়ে পড়ল, তা সরেজমিন তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি জানান, বিষয়টি ইতোমধ্যে বাহরাইনের ডাক বিভাগকে জানানো হয়েছে।
বুধবার সন্ধ্যায় নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি বলেন, ডেলিভারি পয়েন্ট থেকে প্রথমবার পোস্টাল ব্যালট পেয়ে আনন্দে এমন ভিডিও করা উচিত হয়নি। ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের জন্য সাড়ে সাত লাখের বেশি প্রবাসী ভোটারের ঠিকানায় ব্যালট পাঠানো হয়েছে।
ইসি জানায়, বাহরাইন ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়নের সদস্য হওয়ায় বাংলাদেশ ডাক বিভাগের মাধ্যমে ব্যালট পাঠানো হয়েছে। সেখানে প্রায় ১৬০টি ব্যালট এক জায়গায় বাক্সে রাখা হয়েছিল, যা থেকে ভিডিওটি করা হয়।
বাহরাইনে বাংলাদেশের রাষ্ট্রদূত বিষয়টি দেখছেন এবং ডাক বিভাগ জানিয়েছে, তারা তদন্ত করে জানাবে নিয়ম মেনে ব্যালট বিতরণ হয়েছে কি না।



































