
ছবি: সংগৃহীত
নেত্রকোনায় জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় সদর-বারহাট্টা আসনের বিএনপির মনোনীত প্রার্থীর অফিসে তাদের যোগদান অনুষ্ঠিত হয়।
পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি আব্দুল আজিজের নেতৃত্বে নেতাকর্মীরা বিএনপির সঙ্গে যুক্ত হন। এ সময় তাদের ফুল দিয়ে বরণ করা হয়।
যোগদান অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি ও নেত্রকোনা-২ আসনের মনোনীত প্রার্থী ডাক্তার আনোয়ারুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া জেলা বিএনপির সাবেক সভাপতি এড নুরুজ্জামান নুরু, সাবেক যুগ্ম আহ্বায়ক বজলুর রহমান পাঠান, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মেহেরুল আলম রাজু এবং সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।
যোগদানকারীদের মধ্যে ছিলেন— পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সভাপতি আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক আল আমিন, সহ সভাপতি শাজাহান মিয়া ও দপ্তর সম্পাদক জুলহাস মিয়া।
সদ্য যোগদানকারী নেতাকর্মীরা জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ডাক্তার আনোয়ারুল হকের পক্ষে তারা জাতীয় পার্টি ছেড়ে বিএনপিতে যোগদান করেছেন। তারা আশা প্রকাশ করেন, আগামী দিনে বিএনপির সহযোগিতায় দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা আরও শক্তিশালী হবে।
ডাক্তার আনোয়ারুল হক বলেন, “আজ যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, তাদের স্বাগতম জানাই। আমরা আপনারা সকলের সহযোগিতা কামনা করছি। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রাকে আরও এগিয়ে নেওয়া হবে। দেশের গণতন্ত্র রক্ষায় আমাদের বিকল্প নেই।”









































