বৃহস্পতিবার । জুন ৪, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১৭ জানুয়ারি ২০২৬, ৬:৫৭ পূর্বাহ্ন
শেয়ার

নতুন বেতনকাঠামোর প্রস্তাব চূড়ান্ত, প্রতিবেদন জমা ২১ জানুয়ারি


Bangladesh-Government

ফাইল ছবি

সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতনকাঠামোর প্রস্তাব চূড়ান্ত করেছে বেতন কমিশন। কমিশনের সুপারিশ অনুযায়ী, চলতি ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে আংশিকভাবে এই বেতনকাঠামো বাস্তবায়ন করা হবে। আর ২০২৬–২৭ অর্থবছরের প্রথম দিন, অর্থাৎ আগামী ১ জুলাই থেকে এটি পুরো মাত্রায় কার্যকর হবে।

অর্থ মন্ত্রণালয় ও বেতন কমিশন সূত্র জানায়, আগামী ২১ জানুয়ারি অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের কাছে নতুন বেতনকাঠামোর প্রতিবেদন জমা দেবে কমিশন। পরে তা উপদেষ্টা পরিষদের বৈঠকে উপস্থাপন করা হবে।

এদিকে চলতি ২০২৫–২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে পরিচালন ব্যয় ২২ হাজার কোটি টাকা বাড়ানো হয়েছে। নতুন বেতনকাঠামো আংশিকভাবে বাস্তবায়নের প্রস্তুতি হিসেবেই এই ব্যয় বৃদ্ধি করা হয়েছে বলে জানা গেছে।

বেতন কমিশনের হিসাব অনুযায়ী, প্রস্তাবিত বেতনকাঠামো পুরোপুরি কার্যকর করতে অতিরিক্ত ৭০ থেকে ৮০ হাজার কোটি টাকা প্রয়োজন হবে। নতুন কাঠামোয় নিম্নস্তরের কর্মচারীদের বেতন-ভাতা তুলনামূলকভাবে বেশি বাড়ানোর সুপারিশ করা হয়েছে।

গত মঙ্গলবার অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ সাংবাদিকদের জানান, কমিশনের প্রতিবেদন পাওয়ার পরই সরকারি চাকরিজীবীদের নতুন বেতনকাঠামো বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

উল্লেখ্য, গত বছরের ২৭ জুলাই সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতনকাঠামো প্রণয়নে ২১ সদস্যের বেতন কমিশন গঠন করা হয়। কমিশনের প্রধান সাবেক অর্থসচিব ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান। ছয় মাসের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ ছিল কমিশনকে।

বর্তমানে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ২০১৫ সালের বেতনকাঠামো অনুযায়ী বেতন-ভাতা পাচ্ছেন। দেশে সরকারি চাকরিজীবীর সংখ্যা প্রায় ১৫ লাখ। এখন সর্বনিম্ন বেতন ৮ হাজার ২৫০ টাকা, যা দ্বিগুণের বেশি বাড়তে পারে বলে জানা গেছে। আর সর্বোচ্চ ধাপে নির্ধারিত ৭৮ হাজার টাকা বাড়িয়ে ১ লাখ ২০ হাজার টাকার বেশি করার সুপারিশ রয়েছে। নতুন কাঠামোয় সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের অনুপাত ১:৮ রাখার প্রস্তাব করা হয়েছে।