
আসন্ন নির্বাচন সুষ্ঠু হবে কি না- এ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
সোমবার (১৯ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবনে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
আসিফ মাহমুদ অভিযোগ করেন, “দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিদের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ করে দেওয়া হচ্ছে। মাঠ পর্যায়ের কর্মকর্তারা বিতর্কিত কর্মকাণ্ডে জড়াচ্ছেন, যা সুষ্ঠু নির্বাচন নিয়ে গুরুতর উদ্বেগ তৈরি করছে।”
তিনি আরও বলেন, “গতকাল (১৮ জানুয়ারি) এনসিপির দুইজন নেতাকে শোকজ করা হয়েছে। তারা গণভোটের পক্ষে প্রচারণা করছিলেন। এটা কীভাবে আচরণবিধি লঙ্ঘন হয়, তা আমাদের বোধগম্য নয়।”
আসিফ মাহমুদের দাবি, অন্য রাজনৈতিক দলগুলো প্রতীক ও ব্যানার ব্যবহার করে প্রকাশ্যে প্রচারণা চালালেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। উদ্দেশ্যমূলকভাবেই এনসিপির বিরুদ্ধে শোকজ দেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
তিনি বলেন, “সংস্কারের পক্ষে আমাদের অবস্থান স্পষ্ট। একটি দলের চেয়ারম্যান দেশে ফেরার পর তার ছবি দিয়ে পোস্টার ছেয়ে গেছে। ছবি ব্যবহার করে প্রচারণা চালালে সে অনুযায়ী তাকেও শোকজ করা উচিত।”
এনসিপির নেতারা অবিলম্বে তাদের বিরুদ্ধে দেওয়া শোকজ প্রত্যাহার এবং এ বিষয়ে জনগণের কাছে স্পষ্ট ব্যাখ্যা দেওয়ার দাবি জানিয়েছেন।















































