রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ২০ জানুয়ারি ২০২৬, ৯:০৫ অপরাহ্ন
শেয়ার

কড়াইল বস্তিবাসীর জন্য ফ্ল্যাট ও ক্লিনিক নির্মাণের আশ্বাস তারেক রহমানের


tareque

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত

কড়াইল বস্তির বাসিন্দাদের জন্য ছোট ছোট ফ্ল্যাট নির্মাণ এবং একটি ক্লিনিক স্থাপনের আশ্বাস দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে রাজধানীর মহাখালী টিঅ্যান্ডটি মাঠে আয়োজিত এক দোয়া মাহফিলে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আদর্শ অনুসরণ করেই তিনি সাধারণ মানুষের জন্য রাজনীতি করছেন। তিনি জানান, পরিচয়ের দিক থেকে তিনি জিয়া পরিবারের সন্তান হলেও তার সবচেয়ে বড় পরিচয়—তিনি দেশের মানুষের সন্তান। কড়াইলবাসীর কল্যাণে কাজ করাই তার রাজনীতির মূল লক্ষ্য বলে উল্লেখ করেন তিনি।

ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে তারেক রহমান বলেন, মা-বোনদের স্বাবলম্বী করা ও নিরাপদ চলাচল নিশ্চিত করতে ফ্যামিলি কার্ড চালুর উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে কৃষকদের জন্যও ফ্যামিলি কার্ড দেওয়ার পরিকল্পনার কথা জানান তিনি। সুযোগ পেলে এসব উদ্যোগ বাস্তবায়নের আশ্বাস দেন বিএনপি চেয়ারম্যান।

কড়াইল বস্তির শিশুদের ভবিষ্যৎ নিয়েও কথা বলেন তারেক রহমান। তিনি বলেন, কড়াইলের সন্তানরাও যেন বিদেশি ভাষা শেখার সুযোগ পায়, উন্নত শিক্ষা ও চিকিৎসাসেবা পায়—সে লক্ষ্যে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিশেষ উদ্যোগ নেওয়া হবে।

এলাকার আবাসন সংকটের প্রসঙ্গে তিনি বলেন, সবাই যেন সম্মানজনকভাবে থাকার সুযোগ পায়, সে জন্য পরিকল্পিতভাবে ছোট ফ্ল্যাট নির্মাণ করা হবে। পাশাপাশি বিএনপি ক্ষমতায় এলে কড়াইল এলাকায় একটি ক্লিনিক স্থাপনের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

বক্তব্যের একপর্যায়ে নিজের অতীত স্মৃতির কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, ক্যান্টনমেন্ট এলাকায় তার বসতবাড়ি যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছিল, সেই অভিজ্ঞতা তাকে সাধারণ মানুষের কষ্ট আরও গভীরভাবে বুঝতে শিখিয়েছে। এসব অভিজ্ঞতা থেকেই তিনি কড়াইলবাসীর পাশে দাঁড়াতে চান বলে জানান।

শেষে তিনি মহান মুক্তিযুদ্ধ ও ‘২৪-এর আন্দোলনে’ শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং দেশ ও জনগণের কল্যাণে সবার দোয়া কামনা করেন।