বুধবার । জুন ৩, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ২১ জানুয়ারি ২০২৬, ৮:২৬ অপরাহ্ন
শেয়ার

সিলেটে পৌঁছেছেন তারেক রহমান


tareque

ছবি: সংগৃহীত

দীর্ঘ ২১ বছর পর সিলেটের মাটিতে পা রাখলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (২১ জানুয়ারি) রাত ৮টা ১০ মিনিটে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

ঢাকা থেকে সিলেটের উদ্দেশে রওনা দেওয়ার পর বিমানবন্দর এলাকায় দলের নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়। বিমানবন্দর থেকে সরাসরি তিনি হযরত শাহজালাল (রহ.) এবং হযরত শাহপরান (রহ.) এর মাজার জিয়ারত করবেন। এরপর দক্ষিণ সুরমার সিলামে অবস্থিত তার শ্বশুরবাড়ির উদ্দেশে রওনা দেবেন।

বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী নিশ্চিত করেছেন, সফরের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এবং মাজার প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা হয়েছে। নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

দলীয় সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল ১০টায় গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টে অরাজনৈতিক তরুণদের সঙ্গে মতবিনিময় করবেন তারেক রহমান। এরপর বেলা ১১টায় সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন।

সিলেট সফরের পর তিনি সড়কপথে ঢাকায় ফেরার পথে মৌলভীবাজার সদর ও হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় পৃথক জনসভায় অংশ নেবেন। এসব সভায় সংশ্লিষ্ট জেলার বিএনপি-মনোনীত প্রার্থীদেরও আনুষ্ঠানিকভাবে পরিচয় করানো হবে।

উল্লেখ্য, দলীয় প্রধানের দায়িত্ব পাওয়ার পর এটি তারেক রহমানের সিলেটে প্রথম সফর। প্রায় ২১ বছর আগে সর্বশেষ যখন তিনি সিলেট সফরে এসেছিলেন, তখন তিনি বিএনপির যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।