
আসন্ন নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে ১০ দলীয় জোট সরকার গঠন করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তিন নেতার মাজারে শ্রদ্ধা নিবেদন, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে দলের নির্বাচনি কার্যক্রমের সূচনা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশের রাজনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাসের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় গভীরভাবে জড়িত। সেই ঐতিহ্যকে স্মরণ করেই এখান থেকে তাদের নির্বাচনি যাত্রা শুরু করা হয়েছে।
তিনি দাবি করেন, এবারের নির্বাচন শুধু ক্ষমতার লড়াই নয়, বরং আধিপত্যবাদের বিরুদ্ধে মুক্তির আন্দোলন। এ নির্বাচনি অভিযাত্রার অন্যতম প্রধান লক্ষ্য হলো ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার সুষ্ঠু বিচার নিশ্চিত করা।
নির্বাচনের আগেই হাদি হত্যা মামলার অভিযোগপত্র দাখিলের দাবি জানান এনসিপি আহ্বায়ক।
এ সময় তিনি সরকার ও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বলেন, সরকার ও ইসি নিরপেক্ষতা বজায় না রেখে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষে অবস্থান নিয়েছে।









































