
মো. আবদুল গফুর ভূঁইয়া ।। ছবি: সংগৃহীত
আরও এক দুঃসংবাদ বিএনপি’র জন্য। দলটির আরেক নেতাকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার অযোগ্য ঘোষণা করেছেন আদালত। এই দুঃসংবাদও কুমিল্লা থেকে। কুমিল্লা-৪ আসনের পর কুমিল্লা-১০ আসনেও বিএনপির মনোনীত প্রার্থী নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ হারালেন।
কুমিল্লা-১০ আসন (লালমাই–নাঙ্গলকোট) থেকে বিএনপির প্রার্থী মো. আবদুল গফুর ভূঁইয়ার প্রার্থিতা বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এর ফলে তিনি এবারের সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে গত রোববার (১৮ জানুয়ারি) আপিল শুনানি শেষে নির্বাচন কমিশন (ইসি) আবদুল গফুর ভূঁইয়ার প্রার্থিতা বাতিল করে। সেই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে তিনি ২০ জানুয়ারি হাইকোর্টে রিট দায়ের করেন।
রিট আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার ফিদা এম কামাল ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। অভিযোগকারীর পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন লিপু ও অ্যাডভোকেট ইউসুফ আলী। নির্বাচন কমিশনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইউসুফ আলী।
উল্লেখ্য, আবদুল গফুর ভূঁইয়ার প্রার্থিতা চ্যালেঞ্জ করে আপিল করেন বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী কাজি নুরে আলম সিদ্দিকি। উভয় পক্ষের বক্তব্য শুনে নির্বাচন কমিশন তার মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত দেয়।













































