
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘কেউ যায় দিল্লি, কেউ যায় পিন্ডি। কিন্তু দিল্লি নয়, পিন্ডি নয়- সবার আগে বাংলাদেশ।’ দেশের মানুষই রাজনৈতিক ক্ষমতার মূল উৎস উল্লেখ করে তিনি বলেন, বিএনপি জনগণের ভাগ্যোন্নয়নে বিশ্বাস করে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। তারেক রহমান বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন হবে দেশ এগিয়ে নেওয়া ও জনগণের শাসন প্রতিষ্ঠার নির্বাচন। ভোটের দিন ভোরে প্রস্তুতি নিয়ে কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি দলীয় নেতাকর্মীদের সজাগ থাকার নির্দেশ দেন।
তিনি অভিযোগ করেন, একটি দল নানাভাবে ভোট দখলের চেষ্টা করছে। বিএনপি ক্ষমতায় এলে ন্যায়বিচার ও সততার ভিত্তিতে দেশ পরিচালনা করা হবে বলেও মন্তব্য করেন তিনি।
আওয়ামী লীগ সরকারের আমলের নির্বাচন প্রসঙ্গে তারেক রহমান বলেন, গত ১৫–১৬ বছর ধরে একের পর এক প্রহসনের নির্বাচনের মাধ্যমে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। উন্নয়নের নামে দেশের সম্পদ লুটপাট করে বিদেশে পাচারের অভিযোগও করেন তিনি।
বিএনপি ক্ষমতায় গেলে চা-বাগানের নারী শ্রমিক, গ্রামাঞ্চলের নারীদের জন্য ফ্যামিলি কার্ড এবং কৃষকদের জন্য কৃষি কার্ড চালুর প্রতিশ্রুতি দেন তারেক রহমান।
লক্ষাধিক মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত এ প্রথম নির্বাচনী জনসভায় তিনি দেশবাসীর দোয়া ও সমর্থন কামনা করে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান। সভায় সভাপতিত্ব করেন সাবেক এমপি শাম্মী আক্তার সিফা।









































