
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাসী শক্তির হাতেই মানুষ নিরাপদ থাকতে পারে। তিনি ধর্মীয় বিভাজন, মুনাফেকি ও ধোঁকাবাজির রাজনীতি থেকে দেশ ও জনগণকে রক্ষার আহ্বান জানান।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) গভীর রাতে নরসিংদীতে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসমাবেশে এসব কথা বলেন তারেক রহমান। সাম্প্রতিক ভূমিকম্পের প্রসঙ্গ টেনে তিনি বলেন, এদের এই মিথ্যাচার, এদের এই মুনাফেকি, “এদের এই শিরকির জন্য আল্লাহ এই হুঁশিয়ারি দিয়েছে, যে তোরা এগুলা বন্ধ কর। আমরা যদি এটা বলি কোথায় যাবে তারা? মিথ্যাচার ও ভণ্ডামির রাজনীতির বিরুদ্ধে সবাইকে সচেতন হতে হবে।”
তারেক রহমান বলেন, দেশকে নতুন করে গড়ে তুলতে হবে। এ সময় তিনি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বক্তব্য উল্লেখ করে বলেন, এই দেশের মাটিই তাঁর প্রকৃত ঠিকানা। তিনি আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতা, নারী, শ্রমিক ও পেশাজীবীদের সম্মিলিত আন্দোলনের মাধ্যমে দেশের স্বাধীনতা ও মানুষের ভোটাধিকার রক্ষার চেষ্টা হয়েছে।
গত ১৫ বছরে তথাকথিত নির্বাচনের মাধ্যমে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ করে তিনি বলেন, গুম, খুন, মামলা ও অর্থ পাচারের কারণে অবকাঠামো, শিক্ষা ও স্বাস্থ্য খাত ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বেকারত্ব বেড়েছে।
আগামী নির্বাচনে ‘করবো কাজ, গড়বো দেশ—সবার আগে বাংলাদেশ’ স্লোগান বাস্তবায়নে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান। বক্তব্যের একপর্যায়ে তিনি নরসিংদীর পাঁচটি সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেন।
নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মনজুর এলাহীর সঞ্চালনায় জনসভায় দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন।















































