
জনসভায় বক্তব্য দিচ্ছেন ডা. শফিকুর রহমান
জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করতে পারলে দিনাজপুর শহরকে সিটি করপোরেশনে উন্নীত করার প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও ১০ দলীয় জোটের শীর্ষ নেতা ডা. শফিকুর রহমান।
শুক্রবার (২৩ জানুয়ারি) দিনাজপুর গোর-এ শহীদ মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রতিশ্রুতি দেন।
ডা. শফিকুর রহমান বলেন, জামায়াত সরকার গঠন করলে দেশের প্রতিটি জেলায় একটি করে মেডিকেল কলেজ স্থাপন করা হবে। তিনি উল্লেখ করেন, দিনাজপুরে মেডিকেল কলেজ থাকলেও ঠাকুরগাঁও ও পঞ্চগড়ে এখনো নেই। এসব জেলায় মেডিকেল কলেজ স্থাপন করা হলে দক্ষ চিকিৎসক তৈরি হবে এবং স্বাস্থ্যসেবার পরিধি আরও বিস্তৃত হবে। পাশাপাশি বিশেষায়িত হাসপাতাল গড়ে তোলার সুযোগ সৃষ্টি হবে।
স্বাস্থ্যসেবা প্রসঙ্গে তিনি বলেন, পাঁচ বছর বয়স পর্যন্ত সব শিশুর বিনামূল্যে চিকিৎসা নিশ্চিত করা হবে। একই সঙ্গে ৬৫ বছর বয়স পর্যন্ত যারা দেশের জন্য শ্রম ও অবদান রেখেছেন, তাদের বার্ধক্যে রাষ্ট্রীয় দায়িত্ব হিসেবে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হবে। একটি সমন্বিত ও জনবান্ধব চিকিৎসা ব্যবস্থা গড়ে তোলার কথাও জানান তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই যেখানে ধর্মে ধর্মে কোনো বিভেদ বা সংঘাত থাকবে না এবং দেশের অর্থ লুট করে বিদেশে ‘বেগমপাড়া’ গড়ার স্বপ্ন কেউ দেখবে না।
উত্তরবঙ্গের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, উত্তরবঙ্গকে কৃষিভিত্তিক শিল্পের রাজধানীতে পরিণত করা হবে। ক্ষমতায় গেলে আম ও লিচুসহ বিভিন্ন কৃষিপণ্যের ফুড প্রসেসিং শিল্প গড়ে তোলা হবে। কৃষকদের ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করার পাশাপাশি ফসল ও সবজি সংরক্ষণের জন্য আধুনিক সংরক্ষণাগার স্থাপন করা হবে।
ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষে সকাল থেকেই দিনাজপুর গোর-এ শহীদ বড় ময়দানে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হন জামায়াতের নেতাকর্মী ও সমর্থকরা। মাথায় দলীয় পতাকা ও হাতে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে তারা উৎসবমুখর পরিবেশে জনসভায় অংশ নেন।
জনসভায় জামায়াতের দিনাজপুর জেলা শাখার আমির অধ্যক্ষ আনিসুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, ছাত্রশিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম এবং জামায়াতে ইসলামীর শরিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী আব্দুল আহাদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।















































