
ফাইল ফটো
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পক্ষ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের যে অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন ও পরিকল্পিত অপপ্রচার বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
শনিবার (২৪ জানুয়ারি) সকালে রাজধানীর বনানী কবরস্থানে প্রয়াত আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকীতে কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
এ সময় রিজভী প্রয়াত আরাফাত রহমান কোকোকে স্মরণ করে বলেন, এক কঠিন ও সংকটময় সময়ে তিনি পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। তাঁর ভাষায়, জিয়া পরিবার দীর্ঘদিন ধরে ভয়াবহ নিপীড়নের মধ্য দিয়ে সময় পার করেছে। খালেদা জিয়া, তারেক রহমান ও আরাফাত রহমান কোকো—কেউই নিজ বাসভবনে স্বাভাবিক ও শান্ত জীবনযাপন করতে পারেননি বলে তিনি দাবি করেন।
উল্লেখ্য, গত বুধবার পঞ্চগড়-১ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী ও এনসিপি নেতা সারজিস আলম তারেক রহমানের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উত্থাপন করেন।
এ বিষয়ে রিজভী বলেন, নির্বাচন কমিশনের অনুরোধের প্রতি সম্মান জানিয়ে তারেক রহমান একপর্যায়ে উত্তরবঙ্গ সফর স্থগিত করেছিলেন। পরবর্তীতে কমিশনের নির্ধারিত বিধি ও নিয়ম মেনেই তিনি নির্বাচনী প্রচারণা পরিচালনা করেছেন বলে দাবি করেন তিনি।
বিএনপির এই শীর্ষ নেতা আরও বলেন, তারেক রহমানের নেতৃত্ব, রাজনৈতিক প্রজ্ঞা ও বক্তব্যে প্রতিপক্ষরা ঈর্ষান্বিত হয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে।








































