রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ২৫ জানুয়ারি ২০২৬, ৯:১৫ অপরাহ্ন
শেয়ার

হর্ষবর্ধন শ্রিংলার বক্তব্যের নিন্দা জামায়াতের


Jamate islami

ফাইল ছবি

ভারতের সাবেক হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলার বক্তব্যকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ আখ্যা দিয়ে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী।

রোববার এক বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, বাংলাদেশের নির্বাচন কীভাবে হবে বা কোন দল কত ভোট পাবে- এ ধরনের মন্তব্য করে তিনি দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করেছেন এবং দুই দেশের কূটনৈতিক সৌহার্দ্য ও পারস্পরিক শ্রদ্ধার পরিবেশ ক্ষুণ্ন করার চেষ্টা করেছেন।

বিবৃতিতে উল্লেখ করা হয়, ঢাকায় নিযুক্ত ভারতের সাবেক হাইকমিশনার শ্রিংলা বর্তমানে ভারতের উচ্চকক্ষ রাজ্যসভার সদস্য। শনিবার দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশে আসন্ন নির্বাচনে অনিয়ম না হলে জামায়াত ক্ষমতায় আসতে পারবে না। এ মন্তব্যকে কূটনৈতিক রীতিনীতিবিরোধী বলে আখ্যা দেয় জামায়াত।

মিয়া গোলাম পরওয়ার বলেন, নির্বাচন প্রক্রিয়া ও জামায়াত সম্পর্কে এ ধরনের বক্তব্য উদ্দেশ্যপ্রণোদিত, তথ্যবিকৃত ও রাজনৈতিকভাবে পক্ষপাতদুষ্ট। একটি দেশের জনগণ কাকে ভোট দেবে, তা সম্পূর্ণ তাদের নিজস্ব সিদ্ধান্ত; কোনো বিদেশি রাজনীতিবিদের এ বিষয়ে মন্তব্য করার এখতিয়ার নেই।

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী একটি নিবন্ধিত, গণতান্ত্রিক ও আদর্শভিত্তিক রাজনৈতিক দল। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে জনগণই তাদের প্রকৃত রায় দেবে বলে দলটি বিশ্বাস করে।