শনিবার । মার্চ ২১, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আদালত ২৬ জানুয়ারি ২০২৬, ৯:৩৩ অপরাহ্ন
শেয়ার

হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা


Hasina marrage

ফাইল হচবি

রাজধানীর মোহাম্মদপুর থানায় দায়ের করা পৃথক দুটি হত্যা মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।

সোমবার (২৬ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলম এ আদেশ দেন। একই সঙ্গে পরোয়ানা তামিল সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৫ ফেব্রুয়ারি দিন ধার্য করা হয়েছে।

গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া অন্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক সংসদ সদস্য সাদেক খান, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনানসহ আরও অনেকে। রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশীদ এসব তথ্য নিশ্চিত করেন।

রাষ্ট্রপক্ষ সূত্রে জানা যায়, জুলাই আন্দোলনে মোহাম্মদপুরে মালবাহী ট্রাকচালক মো. হোসেন ও সিএনজি অটোরিকশাচালক সবুজ হত্যার ঘটনায় পুলিশ পৃথক দুটি মামলায় মোট ৬৪ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করে। অভিযোগপত্র গ্রহণ করে আদালত শেখ হাসিনাসহ পলাতক ৪১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

মো. হোসেন হত্যা মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই আন্দোলনের সময় মোহাম্মদপুরে গুলিবিদ্ধ হয়ে নিহত হন তিনি। এ ঘটনায় ওই বছরের ৩১ আগস্ট নিহতের মা রীনা বেগম শেখ হাসিনাসহ ১৬ জনকে আসামি করে মামলা করেন। তদন্ত শেষে গত ২৩ নভেম্বর মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. আকরামুজ্জামান শেখ হাসিনাসহ ৩৪ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন। এ মামলায় বর্তমানে ২০ জন পলাতক, চারজন কারাগারে এবং ১০ জন জামিনে রয়েছেন।

অন্যদিকে সিএনজি অটোরিকশাচালক সবুজ হত্যা মামলার সূত্রে জানা যায়, জুলাই আন্দোলনের সময় ৪ আগস্ট মোহাম্মদপুরের ময়ূর ভিলার সামনে গুলিবিদ্ধ হন ২২ বছর বয়সী সবুজ। পরে রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের ভাই মনির হোসেন গত বছরের ১ সেপ্টেম্বর মোহাম্মদপুর থানায় ৯৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৪৫০ থেকে ৫০০ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

মামলার এজাহারে শেখ হাসিনা, ওবায়দুল কাদের ও আসাদুজ্জামান খান কামালের নাম না থাকলেও তদন্ত শেষে গত ২৭ নভেম্বর মোহাম্মদপুর থানার এসআই মো. মাজহারুল ইসলাম শেখ হাসিনাসহ ৩০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। এ মামলার অভিযোগপত্রভুক্ত ২১ জনই বর্তমানে পলাতক রয়েছেন।