
ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নির্দিষ্ট কিছু যানবাহনের চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনের দিন ট্রাক, মাইক্রোবাস, পিকআপ ও ট্যাক্সিক্যাবসহ চার ধরনের যানবাহনের চলাচল বন্ধ থাকবে। এছাড়া মোটরসাইকেল চলাচলের ওপর তিন দিনের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
নির্বাচন পরিচালনা অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন মঙ্গলবার (২৭ জানুয়ারি) একটি চিঠিতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগকে এ নির্দেশনা বাস্তবায়নের জন্য অনুরোধ জানান।
ইসির সিদ্ধান্ত অনুযায়ী, ১১ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত ট্রাক, মাইক্রোবাস, পিকআপ ও ট্যাক্সিক্যাব চলাচল বন্ধ থাকবে। মোটরসাইকেলের ওপর নিষেধাজ্ঞা কার্যকর থাকবে ১০ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত।
জরুরি সেবা ও বিশেষ ক্ষেত্রে কিছু গাড়ির চলাচল শিথিল থাকবে। এর মধ্যে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন, সশস্ত্র বাহিনী, অনুমতিপ্রাপ্ত পর্যবেক্ষক ও সংবাদপত্রের গাড়ি, স্বাস্থ্যসেবা, ওষুধ পরিবহন, বিমানবন্দর যাত্রীর গাড়ি (টিকিট প্রদর্শন সাপেক্ষে) এবং রিটার্নিং অফিসারের অনুমোদন প্রাপ্ত প্রার্থীর গাড়ি।
এছাড়া জাতীয় মহাসড়ক, বন্দর ও গুরুত্বপূর্ণ আন্তঃজেলা বা মহানগর সংযোগকারী সড়কের জন্য নিষেধাজ্ঞা কিছু ক্ষেত্রে শিথিল থাকবে। জেলা ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন পুলিশ কমিশনার স্থানীয় পরিস্থিতি অনুযায়ী আরও কিছু যানবাহনের ওপর নিষেধাজ্ঞা আরোপ বা শিথিল করতে পারবেন।





































