
রাজধানীর হাবিবুল্লাহ বাহার কলেজে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীকে হেনস্তার ঘটনায় বিএনপি নেতৃত্বকে দায়ী করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের নির্দেশ এবং দলটির শীর্ষ নেতৃত্বের সম্মতিতেই এ হামলা সংঘটিত হয়েছে, যা ছাত্রদলের একটি অংশ পরিকল্পিতভাবে বাস্তবায়ন করেছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম এ বক্তব্য দেন। তিনি ঘটনাটিকে সরাসরি “পরিকল্পিত সন্ত্রাসী হামলা” হিসেবে উল্লেখ করে বলেন, রাজনৈতিকভাবে ভিন্নমত দমনে সহিংসতার আশ্রয় নেওয়া হলে তা মেনে নেওয়া হবে না।
তিনি নির্বাচন কমিশন, কলেজ প্রশাসন এবং সংশ্লিষ্ট রাজনৈতিক দলের প্রতি দ্রুত ও কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে বলেন, যথাযথ পদক্ষেপ না নিলে পরবর্তী কর্মসূচির জবাব রাজপথেই দেওয়া হবে, যা ১২ তারিখে দৃশ্যমান হবে।
উল্লেখ্য, জামায়াত নেতৃত্বাধীন ১০-দলীয় নির্বাচনী জোটের প্রার্থী হিসেবে এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারী ঢাকা-৮ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। একই আসনে বিএনপির প্রার্থী হিসেবে রয়েছেন মির্জা আব্বাস।
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপের ঘটনার প্রসঙ্গ টেনে নাহিদ ইসলাম বলেন, নির্বাচনের মাঠে সহিংসতা নয়, বক্তব্য ও যুক্তির মাধ্যমেই প্রতিযোগিতা হওয়া উচিত। জনগণই ভোটের মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে—কে তাদের প্রতিনিধি হবেন।
সংবাদ সম্মেলনে তিনি মির্জা আব্বাসের রাজনৈতিক অতীত নিয়েও সমালোচনা করেন এবং বলেন, বিএনপির অতীত কর্মকাণ্ড বাংলাদেশের মানুষ ভুলে যায়নি। বিশেষ করে ২০০১ থেকে ২০০৬ সালের সময়কাল উল্লেখ করে তিনি বলেন, অতীতের দায় এড়িয়ে গিয়ে অন্যদের ইতিহাস নিয়ে প্রশ্ন তোলা গ্রহণযোগ্য নয়।
তিনি আরও যোগ করেন, শুধু জামায়াতের অতীত নয়, দেশের প্রতিটি রাজনৈতিক দলের ভূমিকা ও ইতিহাস নিয়েই জনগণ সচেতন রয়েছে এবং সেই বিবেচনায়ই তারা ভোটের সিদ্ধান্ত নেবে।









































