
নির্বাচন কার্যক্রমে নিয়োজিতদের মধ্যে আওয়ামী লীগের কোনো দোসর নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, নির্বাচন পরিচালনায় দায়িত্বপ্রাপ্ত সবাই প্রস্তুত এবং তাঁরা সৎ ও দক্ষ কর্মকর্তা।
বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে সিলেট নগরীর সুবিদবাজারে পিটিআই সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এর আগে বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত ওই সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সভায় বিশেষ অতিথি ছিলেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সিলেটে নির্বাচনের প্রস্তুতি প্রত্যাশার চেয়েও ভালো হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি কেন্দ্রে সুরক্ষা অ্যাপ ব্যবহারের পাশাপাশি সিসি ক্যামেরা ও বডি ক্যামেরা থাকবে। পাশাপাশি নিরাপত্তা জোরদারে ড্রোন ও ডগ স্কোয়াড মোতায়েন করা হবে, যদিও সব কেন্দ্রে ড্রোন ব্যবহার করা হবে না।
তিনি আরও বলেন, অন্যান্য নির্বাচনের তুলনায় এবারের প্রস্তুতি আরও উন্নত। প্রতিটি ভোটকেন্দ্র সুরক্ষায় সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, সভার উদ্দেশ্য ছিল নির্বাচন উপলক্ষে কোনো ঘাটতি আছে কি না তা পর্যালোচনা করা। তবে সরেজমিনে এসে তিনি দেখেছেন, আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি খুবই ভালো এবং তা প্রত্যাশার চেয়েও বেশি।





































