রবিবার । মার্চ ২২, ২০২৬
প্রবাস ডেস্ক জাতীয় ৩ ফেব্রুয়ারি ২০২৬, ৭:৫৭ পূর্বাহ্ন
শেয়ার

পোস্টাল ব্যালটে ভোট দিলেন ৫ লাখের বেশি প্রবাসী


postal-ballot-paper

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগে ব্যাপক সাড়া দেখা গেছে। নির্বাচন কমিশনের (ইসি) তথ্যানুযায়ী, বিদেশে বসে প্রায় ৫ লাখ ২৪ হাজার ১৬৬ জন বাংলাদেশি পোস্টাল ব্যালটের মাধ্যমে তাদের ভোট দিয়েছেন। এর মধ্যে দেশে এসে পৌঁছেছে ১ লাখ ৯৪ হাজার ৯১৪টি ব্যালট।

সোমবার (২ ফেব্রুয়ারি) ওভারসিজ কাস্টিং অব ভোটস (ওসিভি) ও ইন-কান্ট্রি পোস্টাল ভোটিং (আইসিপিভি) প্রকল্পের টিম লিডার ড. সালীম আহমাদ খান এই তথ্য নিশ্চিত করেন।

ড. সালীম জানান, প্রবাসীদের জন্য মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি পোস্টাল ব্যালট সংশ্লিষ্ট দেশগুলোতে পাঠানো হয়েছিল। এর মধ্যে ৪ লাখ ৬৪ হাজার ২২৫ প্রবাসী তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এখনও ৪ লাখ ১৮ হাজার ৯৬২টি ব্যালট সংশ্লিষ্ট দেশের পোস্ট বক্সে রয়েছে। এছাড়া ১ হাজার ৮৫৯টি ব্যালট রিটার্নিং অফিসারদের কাছে পৌঁছেছে।

প্রবাসীদের পাশাপাশি দেশের ভেতরের পোস্টাল ব্যালটের তথ্যও ইসি জানিয়েছে। সোমবার পর্যন্ত দেশের অভ্যন্তরে মোট ৬ লাখ ৪৬ হাজার ৫০৭টি পোস্টাল ব্যালট পাঠানো হয়েছিল। এর মধ্যে ৪৩ হাজার ৩১৯ জন ভোটার তাদের ভোট দিয়েছেন। ডাক বক্সে জমা পড়েছে ২৯ হাজার ৩৩৪টি ব্যালট। তবে এখন পর্যন্ত রিটার্নিং অফিসাররা গ্রহণ করেছেন মাত্র ১৪৭টি ব্যালট। ইসির ওয়েবসাইট থেকে জানা গেছে, ঢাকা জেলার রিটার্নিং অফিসারদের কাছে প্রাপ্ত ব্যালটের সংখ্যা ৫৮৮টি।

নির্বাচন কমিশন জানিয়েছে, পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসী ও বিশেষ শ্রেণির ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করা হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে বাকি ব্যালটগুলো দেশে পৌঁছালে ভোটের সংখ্যা আরও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।