
ঢাকা-১১ সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. এম এ কাইয়ুমের প্রার্থিতা নিয়ে করা রিট আবেদন সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। দ্বৈত নাগরিকত্ব ও তথ্য গোপনের অভিযোগ তুলে তার মনোনয়ন বাতিলের দাবিতে এই রিট করেন নাহিদ ইসলাম।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতের সিদ্ধান্তের ফলে আসন্ন নির্বাচনে ড. কাইয়ুমের অংশগ্রহণে আর কোনো আইনগত প্রতিবন্ধকতা নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।
এর আগে সোমবার ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ঢাকা-১১ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন স্থগিত চেয়ে হাইকোর্টে আবেদন করেন। রিটে প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিবাদী করা হয়।
রিটের শুনানিকালে আবেদনকারীর পক্ষে আইনজীবী মোহাম্মদ হোসেন লিপু ও অ্যাডভোকেট জহিরুল ইসলাম মূসা আদালতে যুক্তি উপস্থাপন করেন। অপরদিকে ড. এম এ কাইয়ুমের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আহসানুল করিম, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট মাহবুবুর রহমান খান ও ব্যারিস্টার কাজী আক্তার হোসেন।
উল্লেখ্য, এর আগে নির্বাচন কমিশন ঢাকা-১১ আসনে নাহিদ ইসলাম ও ড. এম এ কাইয়ুম—দুজনেরই মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছিল।








































