রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ৩ ফেব্রুয়ারি ২০২৬, ৯:৪৪ অপরাহ্ন
শেয়ার

নেতাকর্মীদের উদ্দেশে জামায়াত আমিরের নতুন বার্তা


shafiqur

ফাইল ছবি

আসন্ন নির্বাচনের প্রচারণায় একে অপরের প্রতি ব্যক্তিগত আক্রমণ থেকে বিরত থাকা এবং সমালোচনায় শালীনতা বজায় রাখার জন্য নেতাকর্মী ও সমর্থকদের প্রতি বিশেষ বার্তা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই আহ্বান জানান।

জামায়াত আমির তার বার্তায় উল্লেখ করেন, নির্বাচনের মাঠে কাজ করতে গিয়ে অনেক সময় একে অপরকে ব্যক্তিগতভাবে আক্রমণ করার প্রবণতা দেখা যায়। তিনি স্মরণ করিয়ে দেন যে, সমালোচনা করার অধিকার সবার থাকলেও তা যেন কোনোভাবেই শালীনতার সীমা অতিক্রম না করে।

নেতাকর্মীদের সঠিক আচরণের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, “সমালোচনা অবশ্যই যুক্তি ও শালীনতার সঙ্গে করা উচিত। এমন কোনো ভাষা প্রয়োগ করা মোটেই কাম্য নয়, যে ভাষা আপনার বা আমার ক্ষেত্রে প্রয়োগ করলে আমরা আহত হব।” তিনি আরও যোগ করেন, এমনকি যদি কেউ কোনো প্রিয় মানুষকে নিয়ে রুচিবহির্ভূত সমালোচনাও করে, তবে তার জবাবও হওয়া উচিত যুক্তিপূর্ণ ও উত্তম ভাষায়।

ডা. শফিকুর রহমান আশা প্রকাশ করেন যে, তার এই পরামর্শটুকু সবাই গুরুত্বের সাথে গ্রহণ করবেন। ইসলামের শিক্ষা অনুযায়ী একে অপরের প্রতি সম্মান প্রদর্শন এবং ধৈর্যের পরিচয় দিতে তিনি সকলের প্রতি আহ্বান জানান।