
হাসনাত আব্দুল্লাহ ও গণঅধিকার পরিষদের প্রার্থী জসিম উদ্দিন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে বিএনপি নিজস্ব প্রার্থী নেই। দলটির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়ন নির্বাচন কমিশন বাতিল করার পর হাইকোর্টেও রিট আবেদন খারিজ হওয়ায় এই আসনে বিএনপি প্রার্থীশূন্য হয়ে যায়।
এ প্রেক্ষাপটে কুমিল্লা-৪ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী জসিম উদ্দিনকে জোটের প্রার্থী হিসেবে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। ফলে এই আসনে জামায়াত-সমর্থিত জোট প্রার্থী ও এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর বিপরীতে বিএনপি-সমর্থিত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন জসিম উদ্দিন।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এএফএম তারেক মুন্সী। তিনি জানান, দেবিদ্বার আসনে ধানের শীষের কোনো প্রার্থী না থাকায় কেন্দ্রের মৌখিক নির্দেশনায় গণঅধিকার পরিষদের প্রার্থীকে সমর্থন দেওয়া হয়েছে এবং দলের নেতাকর্মীদের তার পক্ষে কাজ করতে বলা হয়েছে।
এদিকে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন, বিএনপি আনুষ্ঠানিকভাবে তাদের প্রার্থী জসিম উদ্দিনকে সমর্থন জানিয়েছে। পাশাপাশি বিএনপির নেতাকর্মীদেরও তার পক্ষে মাঠে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।










































