রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১১ ফেব্রুয়ারি ২০২৬, ৪:১৯ অপরাহ্ন
শেয়ার

বনানীতে তারেক রহমানের হাত ধরে যাত্রা শুরু করল ‘ফ্রি অ্যানিম্যাল ক্লিনিক’


tarek rahmanরাজধানীর বনানীতে অসহায় ও পথপ্রাণীদের উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করতে ‘ফ্রি অ্যানিম্যাল ক্লিনিক’ উদ্বোধন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে বনানীর কে-ব্লকের ২৪ নম্বর রোডের ১৮ নম্বর বাড়িতে অবস্থিত বাংলাদেশ অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রধান কার্যালয়ে এই বিশেষায়িত ক্লিনিকটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। 

প্রাণিকুলের প্রতি মানবিক আচরণ নিশ্চিত করা এবং অসুস্থ প্রাণীদের বিনা মূল্যে চিকিৎসা দেওয়ার লক্ষ্যেই এই ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সরাসরি পৃষ্ঠপোষকতায় দীর্ঘদিন ধরেই সংগঠনটি রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে প্রাণিকল্যাণে কাজ করে আসছিল। এখন থেকে এই স্থায়ী ক্লিনিকের মাধ্যমে উন্নত ও আধুনিক পদ্ধতিতে চিকিৎসাসেবা আরও সুসংগঠিতভাবে প্রদান করা হবে। তারেক রহমান ক্লিনিকের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং একটি ভারসাম্যপূর্ণ পরিবেশ রক্ষায় প্রাণীদের সুরক্ষা নিশ্চিত করতে সমাজের সর্বস্তরের মানুষের প্রতি সদয় হওয়ার আহ্বান জানান। 

তিনি উল্লেখ করেন, রাজনৈতিক ও সামাজিক কাজের পাশাপাশি প্রাণিকুলের প্রতি মানবিক দায়িত্ব পালন করা প্রত্যেকের নৈতিক কর্তব্য।

এই ক্লিনিকে প্রাথমিক চিকিৎসার পাশাপাশি জরুরি অস্ত্রোপচার ও টিকাদানের বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। বিশেষ করে রাস্তাঘাটে আহত কুকুর, বিড়ালসহ অন্যান্য প্রাণীদের উদ্ধার করে এখানে এনে সেবা দেওয়া হবে। সম্পূর্ণ অলাভজনক এই উদ্যোগটি তারেক রহমানের ব্যক্তিগত আগ্রহ ও অর্থায়নে পরিচালিত হচ্ছে। 

আয়োজকরা জানিয়েছেন, আগামীতে ঢাকার বাইরে জেলা শহরগুলোতেও ভ্রাম্যমাণ ক্লিনিক সেবা চালুর দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে তাদের। অনুষ্ঠানে বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমানসহ বিশিষ্ট প্রাণী অধিকার কর্মীরা উপস্থিত ছিলেন।