
ফাইল ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠকে বসছে বিএনপির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। ভোটের মাত্র কয়েক ঘণ্টা আগে এ বৈঠককে ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে।
দলের স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খানের নেতৃত্বে প্রতিনিধি দলটি বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে যাবে। বিএনপি সূত্রে জানা গেছে, নির্বাচনকে সামনে রেখে সারা দেশে তাদের প্রার্থী ও নেতাকর্মীদের ওপর হামলা, গ্রেফতার এবং সার্বিক নির্বাচনী পরিবেশ নিয়ে উদ্বেগের বিষয়গুলো কমিশনের কাছে তুলে ধরা হবে।
দলটির অভিযোগ, ভোটের আগের দিন বিভিন্ন এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এসব বিষয় সরাসরি সিইসিকে অবহিত করা এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানাতেই এই জরুরি বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছে।
বিএনপির প্রতিনিধি দলে নির্বাচন পরিচালনা কমিটির অন্যান্য জ্যেষ্ঠ সদস্য ও গুরুত্বপূর্ণ নেতারাও থাকবেন। বৈঠকে তারা ভোটের দিন কেন্দ্রগুলোর নিরাপত্তা জোরদার এবং সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করার বিষয়ে নির্বাচন কমিশনের প্রতি জোরালো আহ্বান জানাবেন বলে দলীয় সূত্র জানিয়েছে।






































