
এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, সিটি করপোরেশনগুলোর মেয়াদ শেষ হওয়া সাপেক্ষে ধাপে ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে ঢাকার দুই সিটিসহ দেশের ৬টি সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসকদের যোগদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মন্ত্রী জানান, ভবিষ্যতে সিটি করপোরেশন নির্বাচন দলীয় প্রতীকে হবে কি না, সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে জাতীয় সংসদে। তিনি আরও স্পষ্ট করেন যে, আপাতত পৌরসভাগুলোতে রাজনৈতিক প্রশাসক নিয়োগের কোনো পরিকল্পনা সরকারের নেই।
এ সময় এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, সরকারি কর্মকর্তাদের তুলনায় রাজনৈতিক ব্যক্তিরা জনগণের কাছাকাছি থেকে সেবা দিতে বেশি সক্ষম। এই চিন্তা থেকেই অভিজ্ঞ রাজনৈতিক নেতাদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে ঢাকার দুই সিটিসহ ৬টি সিটির প্রশাসকরা আনুষ্ঠানিকভাবে এলজিআরডি মন্ত্রীর কাছে তাদের যোগদানপত্র জমা দেন। দায়িত্ব নেওয়ার পর নতুন প্রশাসকরা তাদের কর্মপরিকল্পনা তুলে ধরেন। তারা জানান, মশা নিধন, তীব্র যানজট নিরসন এবং ভাঙাচোরা রাস্তাঘাট মেরামতের পাশাপাশি সিটি করপোরেশনের অভ্যন্তরীণ দুর্নীতি রোধে তারা কঠোর অবস্থান নেবেন। দীর্ঘদিন অকার্যকর থাকা সেবাগুলো সচল করে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়াকেই তারা সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছেন।











































