শনিবার । মার্চ ২১, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০০ অপরাহ্ন
শেয়ার

ঢাকা দক্ষিণে মেয়র পদে নির্বাচনের ঘোষণা প্রতিমন্ত্রী ইশরাকের


Ishrak Hossen

ফাইল ছবি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) নিজের ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন তিনি।

পোস্টে ইশরাক হোসেন লেখেন, ‘ঢাকা দক্ষিণ থেকে সিটি নির্বাচন করব ইনশাআল্লাহ।’

অন্যদিকে, একই পদে লড়ার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। রোববার (২২ ফেব্রুয়ারি) রাতে দলীয় সূত্রে জানা যায়, এনসিপির প্রার্থী হিসেবে মেয়র পদে নির্বাচন করবেন তিনি। ফলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র পদে ইশরাক হোসেন ও আসিফ মাহমুদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হতে যাচ্ছে।

ইশরাক হোসেন বর্তমানে নতুন সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করে ৭৮ হাজার ৮৫০ ভোট পেয়ে বিজয়ী হন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামি–র প্রার্থী মো. আবদুল মান্নান, যিনি পান ৫৫ হাজার ৬৯৭ ভোট।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, স্থানীয় সরকার নির্বাচনকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে এবং নির্ধারিত সময়েই নির্বাচন আয়োজন করা হবে।

এদিকে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের অবস্থানের কথা জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচন পিছিয়ে যাচ্ছে না। কিছু নিয়ম-কানুন ও মেয়াদোত্তীর্ণের বিষয় আছে, সেগুলো সমন্বয় করে সরকার সঠিক সময়ে নির্বাচনের ব্যবস্থা করবে। এই নির্বাচনকে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।’

উল্লেখ্য, ২০২২ সালের এক সরকারি আদেশ অনুযায়ী ঢাকাসহ দেশের ৪টি সিটি করপোরেশনের মেয়র পদটি মন্ত্রী পদমর্যাদার সমান। দুই গুরুত্বপূর্ণ নেতার মেয়র পদে লড়াইয়ের ঘোষণা ঢাকার রাজনৈতিক অঙ্গনে নতুন মেরুকরণ সৃষ্টি করেছে।