মঙ্গলবার । মার্চ ১৭, ২০২৬
বিজনেস ডেস্ক বিজনেস ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
শেয়ার

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৫ দশমিক ৩১ বিলিয়ন ডলার


remittance

ফাইল ছবি

দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৫ দশমিক ৩১ বিলিয়ন ডলারে পৌঁছেছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্যানুযায়ী, ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ৩৫ দশমিক ৩১ বিলিয়ন ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী নিট রিজার্ভ দাঁড়িয়েছে ৩০ দশমিক ২৮ বিলিয়ন ডলার।

এর আগে গত ২৪ ফেব্রুয়ারি দেশের গ্রস রিজার্ভ ছিল ৩৫ দশমিক ০৪ বিলিয়ন ডলার, আর বিপিএম-৬ পদ্ধতিতে নিট রিজার্ভ ছিল ৩০ দশমিক ৩০ বিলিয়ন ডলার। নিট রিজার্ভ গণনা করা হয় আইএমএফের বিপিএম-৬ পরিমাপ অনুযায়ী। মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বিয়োগ করলে প্রকৃত বা নিট রিজার্ভের পরিমাণ পাওয়া যায়।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, অর্থ পাচার রোধে কঠোর নজরদারি ও পদক্ষেপের ফলে বৈধ পথে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। এতে ব্যাংকিং চ্যানেলে ডলারের সরবরাহ বৃদ্ধি পেয়েছে। বর্তমানে চাহিদার তুলনায় বাজারে ডলারের সরবরাহ বেশি থাকায় অতিরিক্ত ডলার কেন্দ্রীয় ব্যাংক কিনে নিচ্ছে, যা রিজার্ভ বৃদ্ধিতে ভূমিকা রাখছে।