
ফাইল ছবি
চলতি ফেব্রুয়ারি মাসের ২৫ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ২৭৯ কোটি ২০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৪ হাজার ৬২ কোটি ৪০ লাখ টাকা (প্রতি ডলার ১২২ টাকার হিসাব)। এর মধ্যে শুধু গতকাল, বুধবার (২৫ ফেব্রুয়ারি) প্রবাসী আয় হয়েছে এক হাজার ৩১৭ কোটি ৬০ লাখ টাকা।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এসব তথ্য জানান। তিনি বলেন, গত বছরের একই সময়ের সঙ্গে তুলনা করলে প্রবাসী আয় বেড়েছে ২২.৪০ শতাংশ। গত বছরের ফেব্রুয়ারির প্রথম ২৫ দিনে প্রবাসী আয় এসেছিল ২২৮ কোটি ১০ লাখ ডলার।
অর্থবছরের হিসাব অনুযায়ী, চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে প্রবাসী আয় হয়েছে দুই হাজার ২২২ কোটি ৫০ লাখ ডলার। এটি আগের অর্থবছরের একই সময়ের (১ জুলাই থেকে ২৫ ফেব্রুয়ারি) আয় এক হাজার ৮২৪ কোটি ২০ লাখ ডলারের তুলনায় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, বৈধ চ্যানেলে অর্থ প্রেরণের প্রবণতা বৃদ্ধি, হুন্ডি প্রতিরোধে নজরদারি জোরদার এবং প্রণোদনা অব্যাহত রাখার ফলে এই বৃদ্ধির ধারা তৈরি হয়েছে।









































