
ফাইল ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনটি আসনে কারচুপির অভিযোগ তুলে হাইকোর্টে আবেদন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আসনগুলো হলো ঢাকা-৬, ঢাকা-৭ ও গাইবান্ধা-৪।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) এ আবেদন দায়েরের পর সংশ্লিষ্ট তিন আসনের ব্যালট পেপার, রেজাল্ট শিটসহ সব নির্বাচনী নথি হাইকোর্টের হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছেন নির্বাচনী ট্রাইব্যুনাল।
এর আগে গত ১৯ ফেব্রুয়ারি গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনী অনিয়মের অভিযোগ সংক্রান্ত আবেদন শুনানির জন্য হাইকোর্টে একটি নির্বাচনী ট্রাইব্যুনাল গঠন করা হয়। একই দিন এ বিষয়ে প্রজ্ঞাপনও জারি করা হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একক বেঞ্চে এসব আবেদনের শুনানি অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত একযোগে ৩০০ আসনের মধ্যে ২৯৯টি আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে ২৯৭টি আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়।
পরবর্তীতে নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ গেজেট প্রজ্ঞাপন জারি করেন।
তবে উচ্চ আদালতের নির্দেশনার কারণে এখনো দুটি আসনের ফলাফলের গেজেট প্রকাশ করা হয়নি।







































