বৃহস্পতিবার । মার্চ ৫, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ৩ মার্চ ২০২৬, ৮:৫৮ পূর্বাহ্ন
শেয়ার

সৌদি আরবে মার্কিন দূতাবাসে ভয়াবহ ড্রোন হামলা


drone-attacked

ছবি: সংগৃহীত

সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩ মার্চ) ভোরে দুটি ড্রোন ব্যবহার করে এ হামলা চালানো হয়। সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় হামলার বিষয়টি নিশ্চিত করেছে।

মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে রিয়াদের মার্কিন দূতাবাসকে লক্ষ্য করে দুটি ড্রোন নিক্ষেপ করা হয়। হামলায় দূতাবাস ভবনে আগুন লাগলেও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। অবকাঠামোগত ক্ষতিও খুবই সীমিত হয়েছে বলে দাবি করেছে কর্তৃপক্ষ।

আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স ও এএফপি জানায়, হামলার পর কূটনৈতিক এলাকায় বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং আকাশে ধোঁয়ার কুণ্ডলি দেখা যায়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, শক্তিশালী বিস্ফোরণের পরপরই সেখানে আগুনের সূত্রপাত হয়।

রিয়াদের কূটনৈতিক কোয়ার্টারে বসবাসরত এক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানান, ভোরে হঠাৎ দুটি জোরালো বিস্ফোরণের শব্দে তার ঘুম ভেঙে যায়। পরে ওই এলাকা থেকে ধোঁয়া উঠতে দেখেন তিনি। উল্লেখ্য, সংরক্ষিত এই কূটনৈতিক এলাকায় বিভিন্ন দেশের দূতাবাস ও কূটনীতিকদের বাসভবন অবস্থিত।

আল-জাজিরার খবরে বলা হয়েছে, হামলার পরপরই পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘটনাটি তদন্ত করে দেখছে। তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।