রবিবার । মার্চ ২২, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ৩ মার্চ ২০২৬, ৯:১৮ পূর্বাহ্ন
শেয়ার

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে ভয়াবহ বিমান হামলা


iran-teliviosn-center

তেহরানে অবস্থিত রাষ্ট্রীয় সম্প্রচার কেন্দ্রকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।

ইরানের রাজধানী তেহরানে অবস্থিত দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার কেন্দ্রে (আইআরআইবি) ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এ হামলার বিষয়টি নিশ্চিত করে একে ‘ইরানি প্রচারযন্ত্রের হৃৎপিণ্ডে আঘাত’ বলে উল্লেখ করেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা ও বিবিসি এ তথ্য জানিয়েছে।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী তাদের ফারসি ভাষার সরকারি সামাজিক যোগাযোগমাধ্যম বার্তায় জানায়, তাদের যুদ্ধবিমান তেহরানে রাষ্ট্রীয় সম্প্রচার কেন্দ্রের কমপ্লেক্সে সুনির্দিষ্ট হামলা চালিয়েছে। তাদের দাবি, এই কেন্দ্রটি ইরানের বিপ্লবী গার্ড বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস-এর ‘মিথ্যা ও নিপীড়নের যন্ত্রের কেন্দ্রবিন্দু’ হিসেবে ব্যবহৃত হচ্ছিল।

ইসরায়েলের পক্ষ থেকে আরও বলা হয়েছে, গোয়েন্দা তত্ত্বাবধানে শক্তিশালী বহু গোলাবারুদ ব্যবহার করে ওই যোগাযোগ কেন্দ্রটি ধ্বংস করা হয়েছে।

এদিকে রাষ্ট্রীয় সম্প্রচার কেন্দ্রের প্রধান পেম্যান জেবেলি জানিয়েছেন, তেহরানে তাদের সদর দপ্তরের অভ্যন্তরীণ প্রাঙ্গণের বেশ কয়েকটি অংশে সরাসরি আঘাত হানা হয়েছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইসরায়েলি বিমানবাহিনী ইরানের বিভিন্ন স্থাপনায় নতুন করে আক্রমণ শুরু করেছে। সামরিক সূত্রের দাবি, যুদ্ধবিমান থেকে নিক্ষিপ্ত বোমায় ইরান সরকারের প্রধান যোগাযোগ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। এর আগেও তেহরানের কয়েকটি সরকারি ভবনে হামলার খবর পাওয়া গিয়েছিল।

উল্লেখ্য, গত বছরের জুনে ইরান-ইসরায়েলের ১২ দিনের যুদ্ধের সময়ও এই সংবাদমাধ্যমটিকে লক্ষ্যবস্তু করা হয়েছিল।