
মধ্যপ্রাচ্যের বাজার ছাপিয়ে বাংলাদেশি টুপির কদর বাড়ছে উন্নত বিশ্বের নানা প্রান্তে
ঢাকার কামরাঙ্গীর চরের টুপি কারখানাগুলোতে এখন রাত-দিন এক করে কাজ চলছে। রোজা ও ঈদ, তাই দম ফেলার ফুরসত নেই কারিগরদের। তাঁদের নিপুণ হাতের স্পর্শে তৈরি হচ্ছে দৃষ্টিনন্দন টুপি, যা শুধু দেশের চাহিদা মেটাচ্ছে না, ছড়িয়ে পড়ছে বিশ্বজুড়ে। মধ্যপ্রাচ্যের বাজার ছাপিয়ে বাংলাদেশি টুপির কদর বাড়ছে উন্নত বিশ্বের নানা প্রান্তেও।
সকাল থেকে রাত, কামরাঙ্গীর চরের এই টুপি কারখানাগুলো যেন এক ছোট শিল্পনগরী। নারী-পুরুষ সব কারিগরই টুপি তৈরিতে ব্যস্ত। প্রত্যেকের মুখে একটাই লক্ষ্য— ঈদের আগে টুপির যোগান নিশ্চিত করা।
সাদা কাপড়ের ওপর সুঁচ-সুতো দিয়ে নান্দনিক নকশা ফুটিয়ে তোলার এই কাজটি অত্যন্ত ধৈর্য ও দক্ষতার। প্রবীণ কারিগররা যেমন হাত চালাচ্ছেন, তেমনই নতুনরাও এই শিল্পে যুক্ত হচ্ছেন।
কারখানায় এক ডজন টুপি পাইকারি ২০০ থেকে ৭০০ টাকা দরে বিক্রি হয়। দাম নির্ভর করে নকশার জটিলতা আর ব্যবহৃত উপকরণের ওপর। রঙিন সুতো আর জমকালো পুঁতির কাজ করা টুপিগুলোর চাহিদা অনেক।
টুপি বোনার প্রতিটি পর্যায় অত্যন্ত গুরুত্বের। ধোঁয়ার পর টুপিগুলো দেখতে আরও সতেজ আর মনোরম হয়ে ওঠে। নারী কর্মীরা এই প্রক্রিয়ায় বড় ভূমিকা পালন করেন।
নারী ও পুরুষ শ্রমিকরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন। কেউ সেলাই মেশিনে টুপির আকার দিচ্ছেন, আবার কেউ নিপুণ হাতে টুপির ভাঁজ ঠিক করছেন। ঝুড়ি ভর্তি তৈরি হওয়া টুপিগুলোই বলে দিচ্ছে ঈদকে সামনে রেখে এখানে দম ফেলার ফুরসত নেই কারোর। উন্নত মানের সেলাই আর নিখুঁত কারুকাজ নিশ্চিত করতে প্রতিটি ধাপে চলে প্রখর নজরদারি।
টুপির ফিনিশিং বা শেষ স্পর্শ অত্যন্ত জরুরি। এই সময় নিশ্চিত করা হয় প্রতিটি নকশা নিখুঁত আর প্রতিটি সুতো দৃঢ় আছে কি না।
উন্নত মানের আর নান্দনিক নকশার টুপিগুলো বিদেশে রপ্তানির জন্য প্যাকেটজাত করা হয়। ওমান, কুয়েত, কাতার, সৌদি আরব ও বাহরাইনসহ মধ্যপ্রাচ্যের নানা দেশে চাহিদা রয়েছে।
মেশিনের ছন্দে নিপুণ হাতে টুপি সেলাই করছেন নারী কারিগররা। ঘর সামলানোর পাশাপাশি এই নারীদের দক্ষ হাতের কারুকাজই আজ ঢাকার টুপিকে পৌঁছে দিচ্ছে ওমান থেকে সৌদি আরবের বিশ্ববাজারে।
শুধু মধ্যপ্রাচ্য নয়, ইউরোপ ও আমেরিকার কিছু বড় শহরেও বাংলাদেশি টুপির চাহিদা বাড়ছে। বিশেষ করে বিভিন্ন উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এই টুপিগুলোর ব্যবহার বাড়ছে।
বিদেশে টুপির কদর বাড়ায় কারিগরদের মুখে হাসি। এই শিল্প তাঁদের স্বাবলম্বী করার সাথে সাথে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখছে।
টুপি কারখানার ব্যস্ত পরিবেশে বড়দের পাশাপাশি মনোযোগ দিয়ে কাজ শিখছে এই খুদে কারিগর। পড়াশোনার ফাঁকে কিংবা অভাবের তাড়নায় এভাবেই অনেক কিশোর নিজেদের জড়িয়ে নিয়েছে ঐতিহ্যের এই শিল্পে, যাদের হাত ধরেই টিকে থাকবে আগামীর স্বপ্ন।
রোজা ও ঈদকে কেন্দ্র করে টুপির চাহিদা বেড়ে যায়, তাই কারখানাগুলোতে বাড়ে ব্যস্ততা। বাড়তির চাহিদা পূরণ করতে আমরা দিনরাত কাজ করছে কারিগররা।
কারখানাগুলোর উন্নয়ন আর আধুনিক প্রযুক্তির ব্যবহার এই শিল্পের ভবিষ্যতকে আরও উজ্জ্বল করবে বলে আশা করা হচ্ছে।
টুপি কারখানার ভেতরে কাজের ব্যস্ততা আর বাহিরে রোদের উজ্জ্বলতা। এই দৃশ্যটি বাংলাদেশের টুপি শিল্পের উজ্জ্বল ভবিষ্যতের প্রতীক। কারিগরদের নিপুণ হাত আর ভালোবাসার স্পর্শে টুপি শিল্পের এই স্বপ্নযাত্রা অবিরত চলুক।
বাংলা টেলিগ্রাফ উদ্যোগের গল্প







































