
ফাইল ছবি
বিএনপির সিনিয়র এক নেতাকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় দুঃখ প্রকাশ করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
বৃহস্পতিবার (৫ মার্চ) রাত ৯টা ১১ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন।
পোস্টে হাসনাত আব্দুল্লাহ বলেন, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে তাকে বিএনপির একজন সিনিয়র নেতাকে নিয়ে আপত্তিকর মন্তব্য করতে দেখা যায়। ওই ভিডিওতে একটি শিশুর কণ্ঠও শোনা যায়, যা বিষয়টিকে আরও সংবেদনশীল করে তুলেছে।
তিনি উল্লেখ করেন, ভিডিওটি নির্বাচনকালীন সময়ে ধারণ করা হয়েছিল এবং এটি তাদের একটি ক্লোজড গ্রুপের মধ্যেই সীমাবদ্ধ ছিল। তবে গত ৪ মার্চ ভিডিওটি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর তিনি এ ঘটনায় নিঃশর্তভাবে দুঃখ প্রকাশ করেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, এমন মন্তব্য করা কোনোভাবেই উচিত হয়নি এবং ভবিষ্যতে যেন এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সে বিষয়ে তিনি সতর্ক থাকবেন।
পোস্টে তিনি আরও বলেন, ফ্যাসিবাদ-উত্তর রাজনীতিতে ব্যক্তিগত আক্রমণ, ঘৃণা বা বিদ্বেষ ছড়িয়ে রাজনৈতিক সৌহার্দ্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধ নষ্ট করার সংস্কৃতিকে তারা সমর্থন করেন না। বরং সুস্থ, সহনশীল ও দায়িত্বশীল রাজনৈতিক চর্চার মধ্য দিয়েই একটি ইতিবাচক রাজনৈতিক পরিবেশ গড়ে তোলা সম্ভব বলে তিনি মনে করেন।
সবশেষে নিজের মন্তব্যের জন্য আবারও দুঃখ প্রকাশ করে হাসনাত আব্দুল্লাহ বলেন, ভবিষ্যতে রাজনৈতিক পরিমণ্ডলে শালীনতা ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখতে তিনি সচেষ্ট থাকবেন।






































