রবিবার । মার্চ ৮, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ৭ মার্চ ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শেয়ার

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ২৯৪


lebanon

ছবি: সংগৃহীত

লেবাননজুড়ে ইসরায়েলি বাহিনীর ভয়াবহ ও ধারাবাহিক বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়েই চলেছে। দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানিয়েছে, সাম্প্রতিক হামলায় নিহতের সংখ্যা বেড়ে এখন ২৯৪ জনে পৌঁছেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এই তথ্য নিশ্চিত করেছে।

লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের ‘হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার’–এর দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২ মার্চ সোমবার থেকে শুরু হওয়া এই ভয়াবহ আগ্রাসনে আজ পর্যন্ত অন্তত ১,০২৩ জন আহত হয়েছেন। হতাহতদের মধ্যে নারী ও শিশুর সংখ্যা উল্লেখযোগ্য বলে জানা গেছে। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে ইসরাইল দেশটিতে বিমান হামলা অব্যাহত রেখেছে। সর্বশেষ স্থানীয় সময় শনিবার বিকেল ৪টার দিকে (১৪:০০ জিএমটি) দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ অঞ্চলের জিবদিন শহরে বিমান হামলার খবর পাওয়া গেছে। সেখানে বড় ধরনের ধ্বংস ও আহতের খবর পাওয়া গেছে।

স্থানীয় সংবাদমাধ্যম ও লেবাননের নিরাপত্তা সূত্র জানিয়েছে, হামলার ফলে বেশ কয়েকটি ভবন ধ্বংস হয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। ইতিমধ্যেই হাজার হাজার মানুষ তাদের ঘরবাড়ি ত্যাগ করে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছে।

ইরান সমর্থিত হিজবুল্লাহ সংস্থার সঙ্গে ইসরাইলের সংঘাতের প্রেক্ষাপটে এই হামলাগুলো হয়েছে। হিজবুল্লাহও প্রতিক্রিয়ায় ইসরাইলের লক্ষ্যবস্তুতে রকেট এবং ড্রোন হামলা চালাচ্ছে। চলমান সংঘাতের ফলে লেবাননজুড়ে বেসামরিক মানুষের ক্ষয়ক্ষতি বেড়েই চলছে।

প্রসঙ্গত, সংঘাত শুরু হওয়ার পর থেকে লেবাননে ইসরাইলি হামলায় মারা যাওয়া মানুষের সংখ্যা দ্রুত বাড়ছে, এবং নিরাপত্তার কারণে সরকার ও বেসরকারি সংস্থা ক্ষতিগ্রস্তদের সাহায্যে তৎপর রয়েছে।