বুধবার । মার্চ ১১, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ৮ মার্চ ২০২৬, ৭:২০ অপরাহ্ন
শেয়ার

ভারতীয় গণমাধ্যমে খবর

হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল করিম ভারতে গ্রেপ্তার


hadi-kill

ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেনকে ভারতের পশ্চিমবঙ্গ থেকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (৮ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)।

বিবৃতিতে বলা হয়, গোপন সূত্রে এসটিএফ জানতে পারে যে বাংলাদেশে চাঁদাবাজি ও হত্যাসহ একাধিক গুরুতর অপরাধের সঙ্গে জড়িত দুই বাংলাদেশি নাগরিক দেশ থেকে পালিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে। তারা পশ্চিমবঙ্গের বনগাঁ সীমান্ত এলাকায় আশ্রয় নেওয়ার চেষ্টা করছে এবং সুযোগ পেলে আবার বাংলাদেশে ফিরে যাওয়ার পরিকল্পনা করছে।

এ তথ্যের ভিত্তিতে এসটিএফ অভিযান চালিয়ে বনগাঁ এলাকা থেকে রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ (৩৭) ও আলমগীর হোসেনকে (৩৪) আটক করে। ফয়সালের বাড়ি পটুয়াখালী এবং আলমগীরের বাড়ি ঢাকায় বলে জানানো হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, ওসমান হাদিকে হত্যার পর তারা মেঘালয় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে দেশটির বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিল। পরে সুযোগ বুঝে আবার বাংলাদেশে ফেরার উদ্দেশ্যে তারা বনগাঁ এলাকায় আসে।

এসটিএফ জানায়, শনিবার (৭ মার্চ) রাতে বনগাঁ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং আসামিদের আদালতে হাজির করা হয়েছে। বর্তমানে তাদের পুলিশি হেফাজতে নিয়ে তদন্ত চলছে।