মঙ্গলবার । মার্চ ১০, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আদালত ১০ মার্চ ২০২৬, ৫:৪৬ পূর্বাহ্ন
শেয়ার

চট্টগ্রাম-১৪ আসনের ব্যালট সংরক্ষণের নির্দেশ হাইকোর্টের


High Court

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের ভোটের ফলাফল চ্যালেঞ্জ করে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রার্থী কর্নেল (অব.) অলি আহমেদের ছেলে অধ্যাপক ওমর ফারুকের করা আবেদন শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। একইসঙ্গে ওই আসনের নির্বাচনে ব্যবহৃত ব্যালট পেপারসহ যাবতীয় সরঞ্জাম যথাযথভাবে সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (০৯ মার্চ) হাইকোর্টের বিচারপতি মো. জাকির হোসেনের একক বেঞ্চ এই আদেশ প্রদান করেন। এর আগে সকালে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় ওমর ফারুকের পক্ষে এই নির্বাচনী আবেদনটি দায়ের করা হয়।

চট্টগ্রাম-১৪ আসনে নির্বাচনের ফলাফলে দেখা গেছে, বিএনপি মনোনীত প্রার্থী জসীম উদ্দিন আহমেদ ৭৬ হাজার ৪৯৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অধ্যাপক ওমর ফারুক ছাতা প্রতীকে পেয়েছেন ৭৫ হাজার ৪৬৭ ভোট। দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান ছিল মাত্র ১ হাজার ২৬টি। এই সামান্য ব্যবধান এবং ভোটের হিসাবে অসংগতির অভিযোগ তুলে নির্বাচনের ফলাফলকে চ্যালেঞ্জ করেছেন এলডিপি প্রার্থী।

আদালত আবেদনটি গ্রহণ করার পাশাপাশি নির্বাচনের স্বচ্ছতা যাচাইয়ের স্বার্থে ওই আসনের ব্যালট পেপারসহ সব সরঞ্জাম সংরক্ষণের যে নির্দেশ দিয়েছেন, তা এই আইনি লড়াইয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন আইনজীবীরা। নির্বাচনের ফলাফলের এই আইনি চ্যালেঞ্জ চট্টগ্রামের রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।