বুধবার । মার্চ ১১, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১০ মার্চ ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শেয়ার

১৬ মার্চ খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী


PM-Tareq-Rahman

ফাইল ছবি

আগামী ১৬ মার্চ দেশজুড়ে নদী-নালা, খাল ও জলাশয় খনন এবং পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনী অনুষ্ঠানের মূল আয়োজন হবে দিনাজপুরের কাহারোল উপজেলায়।

মঙ্গলবার (১০ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরে সাংবাদিকদের এ তথ্য জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। প্রতিমন্ত্রী জানান, একই দিনে আরও ৫৪টি জেলায় সংশ্লিষ্ট জেলার মন্ত্রী এবং সংসদ সদস্যরা স্থানীয় প্রশাসনের সহযোগিতায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন।

প্রতিমন্ত্রী বলেন, এই কর্মসূচি চার বছরের জন্য বাস্তবায়িত হবে। প্রধানমন্ত্রী নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী মোট ২০ হাজার কিলোমিটার খাল খনন করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

চার বছর মেয়াদি এই প্রকল্পে সমন্বয় করবে সরকারের চারটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়: পানিসম্পদ মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয়।

প্রতিমন্ত্রী আরও জানান, এবার শ্রমনির্ভর পদ্ধতিতে কাজের গুরুত্ব দেওয়া হয়েছে। যান্ত্রিক এক্সকাভেটরের চেয়ে অন্তত ৬০–৭০ শতাংশ কাজ সাধারণ শ্রমিক, স্বেচ্ছাসেবী সংগঠন এবং হাইস্কুল-কলেজের শিক্ষার্থীদের মাধ্যমে সম্পন্ন হবে। প্রধানমন্ত্রী চাইছেন সাধারণ মানুষ ও শ্রমিকরা সরাসরি এই কাজের সুফল ভোগ করুক।

অতীতের খাল খনন প্রকল্পে অর্থ লোপাটের অভিযোগের প্রসঙ্গ তুলে প্রতিমন্ত্রী বলেন, মাঠ পর্যায়ে মন্ত্রী ও সংসদ সদস্যরা সরাসরি তদারকি করবেন এবং শ্রমনির্ভর পদ্ধতিতে কাজ হবে। এতে অনিয়মের সুযোগ থাকবে না। একে একটি জনবান্ধব রাজনৈতিক অঙ্গীকার হিসেবে অভিহিত করেন তিনি।