বৃহস্পতিবার । মার্চ ১২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১২ মার্চ ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
শেয়ার

প্রথম অধিবেশনে যোগ দিতে সংসদে প্রধানমন্ত্রী


প্রথম অধিবেশনে যোগ দিতে সংসদে প্রধানমন্ত্রী

জাতীয় সংসদ ভবনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে যোগ দিতে জাতীয় সংসদ ভবনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে তিনি জাতীয় সংসদে পৌঁছান।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সংসদ সদস্য, বিদেশি কূটনীতিক এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত থাকবেন।

সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা এমপিরা সংসদ ভবনে প্রবেশ করেছেন।

ছাত্রজনতার অভ্যুত্থান পরবর্তী নির্বাচনের মাধ্যমে গঠিত এই সংসদে জুলাই জাতীয় সনদের সংবিধান সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাব বাস্তবায়ন প্রশ্নে শুরুর দিতেই বিতর্ক ও উত্তাপ বাড়তে পারে।

সংবিধান অনুযায়ী, নতুন সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আমলে নির্বাচিত রাষ্ট্রপতি। সংসদে তার বক্তব্য দেওয়া নিয়ে আপত্তি আছে বিরোধী দল জামায়াতে ইসলামী ও এনসিপির। এ বিষয় নিয়ে প্রথম বৈঠকেই উত্তাপ তৈরি হতে পারে-এমন আভাস দিয়েছেন দল দুটির একাধিক সূত্র।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বেলা ১১টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন। রাষ্ট্রপতির এই ভাষণ মন্ত্রিসভা অনুমোদন করবে এবং পরে সংসদ সদস্যরা তা নিয়ে আলোচনা করবেন।

এটি ২০২৬ সালেরও প্রথম অধিবেশন। সংসদীয় রীতির সঙ্গে সামঞ্জস্য রেখে রাষ্ট্রপতি প্রতি বছর সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেন। এর আগে গত ২৩ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি সংবিধানের ৭২(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেন।

অধিবেশন শুরুর আগে সংসদের কার্যপ্রণালি নির্ধারণের জন্য সংসদীয় কার্য উপদেষ্টা কমিটির একটি বৈঠক অনুষ্ঠিত হতে পারে, যেখানে অধিবেশনের সময়কাল ও এজেন্ডা নির্ধারণ করা হবে।