
ফাইল ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ভাষণ চলাকালে বিরোধী দলের ওয়াকআউট ও প্রতিবাদের ঘটনা নিয়ে মুখ খুলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বিরোধী দলের এই অবস্থানের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন।
বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে সংসদ অধিবেশন মুলতবি হওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই রাষ্ট্রপতির সঙ্গেই তারা ৫ ও ৬ আগস্ট আলোচনা করেছেন এবং তার কাছেই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা শপথ নিয়েছেন। তাদের দলের দু-একজন সদস্য এখন সংসদেও রয়েছেন। তাহলে এখন কেন এই বিরোধিতা—সেটা প্রশ্নসাপেক্ষ।
বিরোধীদলীয় নেতার বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, যে রাষ্ট্রপতির সঙ্গে তারা আলোচনায় বসেছিলেন এবং যাদের উপস্থিতিতে অন্তর্বর্তী সরকার শপথ নিয়েছে, সেই রাষ্ট্রপতিকে আজ কেন অস্বীকার করা হচ্ছে—তার ব্যাখ্যা বিরোধী দলকেই দিতে হবে। তাদের দলের কয়েকজন সদস্য তো সংসদের সদস্য হিসেবেও শপথ নিয়েছেন। এই স্ববিরোধিতার কারণ কী, সেটি তাদেরই পরিষ্কার করা উচিত।
তবে সংসদীয় গণতন্ত্রে ওয়াকআউটকে একটি স্বাভাবিক রাজনৈতিক সংস্কৃতি হিসেবেও উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় ওয়াকআউট নতুন কোনো বিষয় নয়; বিরোধী দল চাইলে তারা এ ধরনের কর্মসূচি পালন করতেই পারে।
সংসদের কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, বর্তমান সংসদ অবশ্যই অর্থবহ হবে এবং এটি জাতীয় বিভিন্ন সমস্যা ও গুরুত্বপূর্ণ ইস্যুর আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হবে। আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধানের পথ খোঁজা হবে বলেও জানান তিনি।
এর আগে বিকেলের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ শুরুর সময় সংসদে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। স্পিকার রাষ্ট্রপতিকে ভাষণ দেওয়ার আহ্বান জানালে বিরোধীদলীয় সদস্যরা ‘জুলাই নিয়ে গাদ্দারি চলবে না’ ও ‘গণতন্ত্র চাই, ফ্যাসিজম নয়’ সংবলিত প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ শুরু করেন এবং এক পর্যায়ে সংসদ কক্ষ থেকে ওয়াকআউট করেন।





































