শুক্রবার । মার্চ ১৩, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১৩ মার্চ ২০২৬, ৪:০১ অপরাহ্ন
শেয়ার

স্বাধীনতা দিবসের প্রস্তুতিতে জাতীয় স্মৃতিসৌধে ৩ দিন প্রবেশ বন্ধ


Martyrs-Memorial

মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদ্‌যাপন উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধ এলাকায় ২৩ থেকে ২৫ মার্চ পর্যন্ত সর্বসাধারণের প্রবেশ বন্ধ থাকবে।

শুক্রবার এক তথ্যবিবরণীতে এ তথ্য জানিয়েছে তথ্য অধিদপ্তর। এতে বলা হয়, দিবসটি উপলক্ষে স্মৃতিসৌধ এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং আনুষ্ঠানিক প্রস্তুতির জন্য এই তিন দিন সাধারণ দর্শনার্থীদের প্রবেশ সাময়িকভাবে বন্ধ রাখা হবে।

২৬ মার্চ ভোরে আমন্ত্রিত অতিথিরা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে স্মৃতিসৌধ ত্যাগ করার পর এটি আবার সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। স্মৃতিসৌধের পবিত্রতা ও সৌন্দর্য বজায় রাখতে সবার সহযোগিতাও কামনা করা হয়েছে।

এছাড়া স্বাধীনতা ও জাতীয় দিবস–২০২৬ উপলক্ষে ঢাকার গাবতলী থেকে সাভারের জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত সড়কে কোনো ধরনের তোরণ, পোস্টার, ব্যানার বা ফেস্টুন না লাগানোর জন্যও সর্বসাধারণকে অনুরোধ জানিয়েছে তথ্য অধিদপ্তর।