রবিবার । মার্চ ১৫, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১৪ মার্চ ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
শেয়ার

ছুটিতে আসা প্রবাসীদের ভিসা নবায়নের বিশেষ সুযোগ


shahjalal-airport

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার কারণে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল ব্যাহত হচ্ছে। এর ফলে ছুটিতে দেশে এসে অনেক প্রবাসী সময়মতো কর্মস্থলে ফিরতে না পেরে বিপাকে পড়েছেন। অনেকেরই ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে কিংবা শেষের পথে। এমন সংকটময় পরিস্থিতিতে প্রবাসীদের জন্য ভিসা নবায়নের বিশেষ সুযোগ ও বিকল্প ব্যবস্থার ঘোষণা দিয়েছে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

মন্ত্রণালয় থেকে জারি করা এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সৌদি আরব, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, ওমান ও বাহরাইন থেকে ছুটিতে আসা কর্মীরা তাদের নিয়োগকর্তা বা কফিলের মাধ্যমে ভিসা নবায়নের আবেদন করতে পারবেন। পাশাপাশি অনলাইনের মাধ্যমে আবেদন করার সুযোগও রাখা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, উদ্ভূত পরিস্থিতির কারণে কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাত সরকার ইতিমধ্যে প্রবাসীদের ভিসার মেয়াদ এক মাস বাড়িয়ে দিয়েছে। মূলত যুদ্ধ পরিস্থিতির প্রভাবে যারা নির্ধারিত সময়ে কর্মস্থলে ফিরতে পারছেন না, তাদের কর্মসংস্থান নিশ্চিত করতেই সংশ্লিষ্ট দেশগুলোর সরকারের সঙ্গে সমন্বয় করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, যেসব কর্মীর ভিসার মেয়াদ ইতিমধ্যে শেষ হয়েছে বা শিগগিরই শেষ হতে যাচ্ছে, তারা যেন আতঙ্কিত না হয়ে দ্রুত এই বিকল্প পদ্ধতিতে নবায়ন প্রক্রিয়া সম্পন্ন করেন।