মঙ্গলবার । মার্চ ১৭, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১৬ মার্চ ২০২৬, ৮:১০ পূর্বাহ্ন
শেয়ার

দুপুরের মধ্যে ১৫ জেলায় ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে ২ নম্বর সতর্কতা জারি


Typhoon

ফাইল ছবি

রাজধানী ঢাকাসহ দেশের ১৫টি জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার (১৬ মার্চ) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক বিশেষ সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়েছে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, বগুড়া, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, মাদারীপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট জেলায় পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বজ্রসহ বৃষ্টি বা বৃষ্টি হতে পারে।

ঝড়ো হাওয়ার আশঙ্কায় উল্লেখিত এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ছোট নৌযানগুলোকে সাবধানে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।

আবহাওয়া অফিসের নিয়মিত বুলেটিন অনুযায়ী, আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের সব বিভাগেই অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। কিছু কিছু এলাকায় শিলাবৃষ্টির আশঙ্কাও রয়েছে। এই বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা আগামী কয়েক দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।