বুধবার । মার্চ ১৮, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক দেশজুড়ে ১৭ মার্চ ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শেয়ার

মধ্যপ্রাচ্যে প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী


Shama-ubaid

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ছবি- সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে প্রবাসীদের নিরাপদে রাখার পাশাপাশি প্রয়োজনে তাদের দেশে ফিরিয়ে আনার ব্যবস্থাও নেওয়া হবে।

মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যায় ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নের সিংহপ্রতাপ গ্রামে আয়োজিত এক ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের অঞ্চলের অনেক মানুষ মধ্যপ্রাচ্যে কর্মরত রয়েছে। বর্তমান পরিস্থিতিতে তারা কষ্টে আছে। আমরা চাই দ্রুত যুদ্ধ পরিস্থিতির অবসান হোক যেন তারা নিরাপদে থাকতে পারে।’

তিনি আরও জানান, সরকার ইতোমধ্যে জনগণের কাছে দেওয়া বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে। ফ্যামিলি কার্ড কার্যক্রম চালু হয়েছে, কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ সুদসহ মওকুফ করা হয়েছে এবং খাল খনন কার্যক্রম শুরু হয়েছে। ঈদের পর কৃষক কার্ড বিতরণ করা হবে বলেও জানান তিনি।

শামা ওবায়েদ ইসলাম বলেন, ‘আমি আপনাদের সন্তান হিসেবে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। সংসদে বসলে মনে হয় সালথা-নগরকান্দার সব মানুষকে নিয়েই সেখানে উপস্থিত আছি।’ তিনি দল-মত নির্বিশেষে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

এ সময় সালথায় একটি গার্লস স্কুল প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘নির্বাচনে কী হয়েছে তা নয়, এখন ঐক্যবদ্ধভাবে জনগণের কল্যাণে কাজ করতে হবে।’

গট্টি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইমামুল হোসেন তারা মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সিদ্দিকুর রহমান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শাহিন মাতুব্বর এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল বাসার আজাদসহ স্থানীয় নেতৃবৃন্দ।