
তিলকপুর এলাকায় আন্তঃনগর ‘নীলসাগর এক্সপ্রেস’ ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হয়েছে
ঢাকা থেকে চিলমারী যাওয়ার পথে বগুড়ার সান্তাহার রেলওয়ে স্টেশনের অদূরে তিলকপুর এলাকায় আন্তঃনগর ‘নীলসাগর এক্সপ্রেস’ ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হয়েছে। বুধবার (১৮ মার্চ) দুপুর আড়াইটার দিকে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। এর ফলে উত্তরবঙ্গের জেলাগুলোর সঙ্গে রাজধানী ঢাকার রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।
সান্তাহার রেলওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে এসে বেলা ২টার দিকে সান্তাহার স্টেশনে যাত্রা বিরতি দেয়। স্টেশন ছেড়ে যাওয়ার কিছু সময় পরেই তিলকপুর এলাকায় পৌঁছালে হঠাৎ ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হয়।
পুলিশের তথ্যমতে, এখন পর্যন্ত দুর্ঘটনায় কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে দুর্ঘটনার সময় ট্রেনের ছাদে অতিরিক্ত যাত্রী থাকায় ছাদ থেকে ছিটকে পড়ে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। আহতদের উদ্ধারে স্থানীয় জনতা ও ফায়ার সার্ভিস কাজ করছে। এদিকে লাইনচ্যুত বগিগুলো উদ্ধার করে রেল যোগাযোগ স্বাভাবিক করতে রেলওয়ের উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে। উদ্ধারকাজ শেষ না হওয়া পর্যন্ত এই রুটে ট্রেন চলাচল স্থগিত থাকবে বলে রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে।








































