শুক্রবার । মার্চ ২০, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২০ মার্চ ২০২৬, ৮:১৩ পূর্বাহ্ন
শেয়ার

দুপুরের মধ্যে ৩ বিভাগে কালবৈশাখীর পূর্বাভাস


weather

ফাইল ছবি

দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের তিন বিভাগে দুপুরের মধ্যে কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (২০ মার্চ) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য জারি করা বিশেষ সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত এ সতর্কবার্তায় বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর সঙ্গে বজ্রসহ বৃষ্টির প্রবল সম্ভাবনাও রয়েছে। প্রতিকূল আবহাওয়ার কারণে এসব এলাকার নদীবন্দরসমূহকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

অন্য এক বিজ্ঞপ্তিতে আবহাওয়া অফিস জানিয়েছে, বর্তমানে লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। পাশাপাশি মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে রয়েছে। এর প্রভাবে আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের আটটি বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। বৃষ্টির কারণে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

শনিবার (২১ মার্চ) থেকে আবহাওয়ার কিছুটা পরিবর্তন শুরু হতে পারে। এদিন ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় বৃষ্টি হলেও রংপুর, রাজশাহী, ঢাকা ও খুলনার দু-এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

তবে ২২ ও ২৩ মার্চ থেকে আকাশ মেঘলা থাকলেও দেশের বেশিরভাগ এলাকায় আবহাওয়া প্রধানত শুষ্ক হয়ে আসবে। বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, সপ্তাহের শেষ দিকে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা আবারও বাড়তে পারে।