শুক্রবার । মার্চ ২০, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ২০ মার্চ ২০২৬, ৯:৪৪ পূর্বাহ্ন
শেয়ার

আজ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর


saudi-eid

ছবি: সংগৃহীত

এক মাস সিয়াম সাধনা শেষে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও ওমানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আজ শুক্রবার (২০ মার্চ) উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। গত বৃহস্পতিবার এসব দেশে রমজানের ৩০তম রোজা পূর্ণ হওয়ার পর আজ শাওয়াল মাসের প্রথম দিন হিসেবে আনন্দ ও উৎসবের মধ্য দিয়ে দিনটি পালন করছেন ধর্মপ্রাণ মুসলমানরা।

সৌদি আরবে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে ঈদুল ফিতর। পবিত্র মক্কা ও মদিনাসহ দেশটির প্রতিটি প্রধান শহরে ঈদের নামাজের সব প্রস্তুতি সম্পন্ন করে কর্তৃপক্ষ। তবে ইরানের সাম্প্রতিক হামলার প্রেক্ষাপট মাথায় রেখে এবার দেশজুড়ে বাড়তি নিরাপত্তা সতর্কতা অবলম্বন করা হচ্ছে। স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ভূ-রাজনৈতিক উত্তেজনা থাকলেও সাধারণ মানুষের ঈদ আনন্দে তার কোনো নেতিবাচক প্রভাব পড়েনি।

সৌদি আরবের পাশাপাশি সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও ওমানসহ পার্শ্ববর্তী দেশগুলোতেও আজ ঈদ উৎসব চলছে। গালফ নিউজ ও খালিজ টাইমস জানায়, আরব আমিরাতের দুবাইয়ে স্থানীয় সময় সকাল ৬টা ৪০ মিনিটে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। সেখানে ৯০০টিরও বেশি মসজিদে একযোগে জামাতের ব্যবস্থা রাখা হয়। মুসল্লিদের নিরাপদ ও সুশৃঙ্খলভাবে নামাজ আদায়ের জন্য দুবাই রেজিলিয়েন্স সেন্টার প্রয়োজনীয় সব ব্যবস্থা নিশ্চিত করেছে।

এর আগে গত বুধবার আরব আমিরাতের ফতোয়া বিভাগের অধীন শাওয়াল চাঁদ দেখা কমিটি জানায়, দেশে কোথাও চাঁদ দেখা যায়নি। ফলে শুক্রবার ঈদুল ফিতরের প্রথম দিন হিসেবে নির্ধারণ করা হয়। ঈদ উপলক্ষে আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান সৌদি আরবসহ মুসলিম বিশ্বের বিভিন্ন দেশের রাজা, আমির ও রাষ্ট্রপ্রধানদের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি সংশ্লিষ্ট দেশগুলোর জনগণের শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

মধ্যপ্রাচ্যের দেশগুলো ছাড়াও আজ অস্ট্রেলিয়া ও তুরস্কসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে স্থানীয় ও মুসলিম সংস্কৃতির আবহে পবিত্র দিনটি পালিত হচ্ছে। প্রতিটি দেশেই বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়েছে।