
ছবি: সংগৃহীত
পদ্মা ও যমুনা সেতু দিয়ে এক দিনে সর্বোচ্চসংখ্যক যানবাহন পারাপারের মাধ্যমে টোল আদায়ে নতুন মাইলফলক সৃষ্টি হয়েছে। শুক্রবার (২০ মার্চ) সকালে সেতু বিভাগের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. মাসুদ রানা শিকদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, এবারের ঈদযাত্রায় পদ্মা সেতু দিয়ে প্রথম ৩ দিনে ১ লক্ষ ৯ হাজার ২৫টি যানবাহন পারাপার হয়েছে, যা ২০২৫ সালের একই সময়ে ছিল ১ লক্ষ ৮০২টি। এই তিন দিনে মোট ১২ কোটি ৫ লক্ষ ৮৮ হাজার টাকা টোল আদায় হয়, যা গত বছর ছিল ১২ কোটি ৭৮ হাজার ৪০০ টাকা।
একইভাবে যমুনা সেতু দিয়ে গত ১৮ মার্চ এক দিনে সর্বোচ্চ ৫১ হাজার ৩৮৪টি যানবাহন পারাপারের রেকর্ড তৈরি হয়েছে, যা ২০২৫ সালের একই সময়ে ছিল ৪৮ হাজার ৩৬৮টি। চলতি বছর এক দিনে সর্বোচ্চ ৩ কোটি ৫১ লাখ ৮২ হাজার ৬০০ টাকা টোল আদায় হয়েছে, যা গত বছর ছিল ৩ কোটি ৪৬ লাখ ২৭ হাজার ৮৫০ টাকা।
বিগত বছরের তুলনায় যানবাহনের চাপ বাড়লেও এবার বড় কোনো দুর্ঘটনা বা দীর্ঘস্থায়ী যানজট দেখা যায়নি। এই পরিসংখ্যানগুলো দেশের সড়ক অবকাঠামো ব্যবস্থাপনায় সেতু কর্তৃপক্ষের ক্রমবর্ধমান সক্ষমতা ও দক্ষতারই বহিঃপ্রকাশ।





































