
ছবি: সংগৃহীত
মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা আর আকাশে ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলার শঙ্কার মধ্যেই এক ভিন্নরকম ঈদ পার করলেন পারস্য উপসাগরে আটকে থাকা বাংলাদেশি জাহাজ ‘বাংলার জয়যাত্রা’র ৩১ নাবিক।
স্বজনদের সান্নিধ্য ছাড়াই নীল জলরাশির বুকে জাহাজের নেভিগেশন ব্রিজে স্থানীয় সময় শুক্রবার সকালে তারা ঈদের নামাজ আদায় করেন। উৎসবের আনন্দ থাকলেও বিদেশের বন্দরে অনিশ্চিত অপেক্ষার কারণে এই ঈদ ছিল মূলত অশ্রুভেজা এবং বিষাদময়।
গত ২৭ ফেব্রুয়ারি কাতার থেকে স্টিল কয়েল নিয়ে দুবাই পৌঁছানোর পর থেকেই সেখানে সংঘাত শুরু হয়। ১১ মার্চ থেকে হরমুজ প্রণালি পার হওয়ার চেষ্টা করেও যুদ্ধ পরিস্থিতির কারণে জাহাজটি বর্তমানে পারস্য উপসাগরেই নোঙর করে আছে। ঘরে ফেরার আকুতি থাকলেও কবে নাগাদ দেশে ফিরতে পারবেন, তা নিয়ে এখনো অন্ধকার কাটেনি।
এই চরম অনিশ্চয়তার মাঝেও নাবিকরা নিজেদের মতো করে ঈদ উদযাপনের চেষ্টা করেছেন। সকালে সেমাই ও নুডলস দিয়ে নাশতা সেরে দুপুরে তারা পোলাও, উটের মাংস ও গরুর মাংসের বিশেষ আয়োজন করেন।
তবে খাওয়া-দাওয়া আর আড্ডার চেয়েও তাদের বড় অবলম্বন ছিল প্রিয়জনদের সঙ্গে ফোনে কথা বলা। দেশের মাটিতে পরিবারের সঙ্গে ঈদ করতে না পারার আক্ষেপ আর যুদ্ধের ভয়—সব মিলিয়ে এক বিষণ্ণ পরিবেশে দিনটি পার করেছেন এই বাংলাদেশি নাবিকরা।









































