বুধবার । মার্চ ২৫, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ২৫ মার্চ ২০২৬, ৬:৫৯ পূর্বাহ্ন
শেয়ার

‘যুদ্ধে আমরা জয়ী হয়েছি’: ট্রাম্প


Trump

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি

হোমল্যান্ড সিকিউরিটির নতুন সেক্রেটারির শপথ অনুষ্ঠানে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা নিয়ে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই “জয়ী”। তার বক্তব্যে ইঙ্গিত—তেহরান এখন শান্তি চুক্তির জন্য মরিয়া, আর ওয়াশিংটন ‘সঠিক ব্যক্তিদের’ সঙ্গেই আলোচনা করছে।

শান্তি চুক্তি কবে বা কীভাবে হবে—এ বিষয়ে ট্রাম্প কোনো স্পষ্ট সময়সূচি দেননি। তবে জানান, ইরানের সঙ্গে সরাসরি আলোচনায় যুক্ত আছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, জ্যারেড কুশনার এবং মধ্যপ্রাচ্যবিষয়ক দূত স্টিভ উইটকফ। ট্রাম্পের দাবি—ইরান এখন এমন অবস্থায় আছে যে তারা চুক্তি চাইবে—“আপনি তাদের জায়গায় থাকলেও তাই চাইতেন।”

হরমুজ প্রণালি ও জ্বালানি অঙ্গনকে ঘিরে ট্রাম্প বলেন, ইরানি আলোচকরা যুক্তরাষ্ট্রকে একটি “তাৎপর্যপূর্ণ বড় পুরস্কার” দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। পুরস্কারের ধরন সম্পর্কে স্পষ্ট কিছু না বললেও তিনি ইঙ্গিত দেন এটি তেল, গ্যাস ও প্রণালির নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত।

ট্রাম্প আরও দাবি করেন, সাম্প্রতিক হামলার পর ইরানে “শাসনব্যবস্থার পরিবর্তন” দেখা যাচ্ছে এবং তারা পারমাণবিক অস্ত্র না তৈরির শর্ত মেনে নিয়েছে। তাঁর বক্তব্য অনুযায়ী, ইরানের নৌবাহিনী, বিমানবাহিনী ও যোগাযোগ ব্যবস্থার বড় অংশ “ধ্বংস।” ফলে দেশটি এখন একে অপরের সঙ্গে যোগাযোগ করতেও হিমশিম খাচ্ছে।

এসময় উপসাগরীয় মিত্রদের ভূমিকার প্রশংসা করেন ট্রাম্প। সংযুক্ত আরব আমিরাতকে ‘চমৎকার’ এবং কাতারকে ‘দুর্দান্ত’ দেশ হিসেবে উল্লেখ করেন তিনি।

সূত্র: বিবিসি.