
হরমুজ প্রণালি। ছবি: সংগৃহীত
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে ইরান। দেশটি জানিয়েছে, ‘অশত্রুভাবাপন্ন’ বাণিজ্যিক জাহাজ চলাচলে কোনো বাধা দেওয়া হবে না।
মঙ্গলবার (২৪ মার্চ) আন্তর্জাতিক সমুদ্র সংস্থার (আইএমও) সদস্য দেশগুলোর কাছে পাঠানো এক চিঠিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে।
ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো আগ্রাসী শক্তি যাতে হরমুজ প্রণালি ব্যবহার করে ইরানে হামলা চালাতে না পারে, সেজন্য কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। তবে যেসব জাহাজ ইরানের প্রতি বৈরী মনোভাবাপন্ন নয়, তারা ইরানি কর্তৃপক্ষের সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় করে এই পথ ব্যবহার করতে পারবে।
চিঠিতে ইরান স্পষ্টভাবে জানিয়েছে, যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তাদের সমর্থনকারী দেশগুলোকে ‘শত্রুভাবাপন্ন’ হিসেবে বিবেচনা করা হচ্ছে। ফলে এসব দেশের কোনো জাহাজ এই বিশেষ সুবিধার আওতায় পড়বে না। ব্রিটিশ গণমাধ্যমের বরাতে জানা গেছে, এই চিঠির অনুলিপি ইতোমধ্যে আইএমওর সব সদস্য দেশের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।
আরব সাগর ও পারস্য উপসাগরকে সংযুক্ত করা হরমুজ প্রণালি বিশ্ব জ্বালানি বাণিজ্যের জন্য অত্যন্ত সংবেদনশীল একটি পথ। প্রতিদিন বিশ্বের মোট চাহিদার প্রায় ২০ শতাংশ তেল ও তরল গ্যাসবাহী (এলএনজি) জাহাজ এই পথ ব্যবহার করে।
তবে গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে এই প্রণালিতে নিরাপত্তা ঝুঁকি কয়েক গুণ বেড়েছে এবং একাধিক তেলবাহী জাহাজে হামলার ঘটনাও ঘটেছে।






































