বৃহস্পতিবার । মার্চ ২৬, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আন্তর্জাতিক ২৬ মার্চ ২০২৬, ৩:৫৫ অপরাহ্ন
শেয়ার

বাংলাদেশের স্বাধীনতা দিবসে রাজা চার্লসের শুভেচ্ছা


raza-charlse

ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস

বাংলাদেশের স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস। বৃহস্পতিবার (২৬ মার্চ) এক বিশেষ বার্তায় তিনি বাংলাদেশের নেতৃত্ব ও সাধারণ মানুষের প্রতি তার শুভকামনা ব্যক্ত করেন।

বার্তায় রাজা তৃতীয় চার্লস কমনওয়েলথের অভিন্ন মূল্যবোধ এবং পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে গড়ে ওঠা দুই দেশের দীর্ঘস্থায়ী অংশীদারিত্বের কথা বিশেষভাবে স্মরণ করেন। তিনি বলেন, “যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশী প্রবাসীরা ব্রিটিশ সমাজকে সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন, যা আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জোরদার করেছে।”

বিশ্বব্যাপী বর্তমান অনিশ্চয়তার এই সময়ে ঐক্যের ওপর গুরুত্বারোপ করে রাজা আশা প্রকাশ করেন যে, কমনওয়েলথ কাঠামোর মধ্যে দুই দেশের এই পারস্পরিক সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও টেকসই উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশের বলিষ্ঠ নেতৃত্বের প্রশংসা করে তিনি বলেন, “পরিবেশ সুরক্ষা ও সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করতে বাংলাদেশের দৃঢ় পদক্ষেপ অত্যন্ত প্রশংসনীয়। জলবায়ু কার্যক্রমে আমাদের যৌথ প্রচেষ্টা দুই দেশের সম্পর্কের একটি অবিচ্ছেদ্য অংশ।”

বার্তার শেষে রাজা তৃতীয় চার্লস বাংলাদেশের জনগণের শান্তি, সমৃদ্ধি ও অব্যাহত অগ্রগতি কামনা করেন। দুই দেশের এই কূটনৈতিক সম্পর্ক আগামী দিনে আরও উচ্চতায় পৌঁছাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।